মতাদর্শ, পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ঘামে ভেজা চুল সামলাতে যা করবেন
গরমে ঘামে ভিজে চুল চিটচিটে হয়ে যায়। ঘামে ভেজা চুলের গোড়া নরম হয়ে ঝরে পড়ার আশঙ্কা থাকে। এ সময় করণীয় কী জানালেন বিউটি জোন পার্লারের রূপ বিশেষজ্ঞ আনজুম শিউলি। লিখেছেন ফাতেমা ইয়াসমীন।
ঘাম থেকে এক ধরনের টক্সিন নির্গত হয়, যা আমাদের চুলের জন্য ক্ষতিকর। ঘামের মধ্যে যে সল্ট বা লবণের উপাদান থাকে, তা চুলের আর্দ্রতা শুষে নেয়। তাই চুল সহজেই শুষ্ক হয়ে যায়। এতে চুল ভেঙে পড়ার আশঙ্কা থাকে। ঘাম চুলের রঞ্জক পদার্থ নষ্ট করে। এতে সহজেই চুল পাকা শুরু করে। ঘাম জমে স্ক্যাল্পের অনেক ক্ষতি হয়, যা চুলের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। গরমে চুলের একটু বাড়তি যত্ন নিলেই এসব ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।
শ্যাম্পু করার বিকল্প নেই
বাইরে থেকে এলে আমাদের ফ্রেশ হতেই হয়। গরমে বাইরে থেকে ফিরে চুলকেও তো ফ্রেশ করতে হবে। এতে চুলে থাকা ধুলাবালি, ময়লা, ঘাম সব পরিষ্কার হয়ে যাবে। এ ক্ষেত্রে হালকা শ্যাম্পু ব্যবহার করাই ভালো।
লিভ-ইন কন্ডিশনার ব্যবহার
ঘাম থেকে চুলকে রক্ষা করতে এই পণ্য খুবই কার্যকরী। এই কন্ডিশনার ধুতে হয় না। এটি বাইরে যাওয়ার আগে চুলে লাগিয়ে বের হোন। এটি আপনার চুলকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করে। দোকানে গিয়ে যেকোনো ভালো ব্র্যান্ডের লিভ-ইন কন্ডিশনারের কথা বললেই হবে। ব্যবহার করে দেখুন, বেশ ভালো ফল পাবেন।
চুল শুকান ভালো করে
বাইরে থেকে এসে চুল ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রথমে তোয়ালে দিয়ে চুলের অতিরিক্ত ঘাম শুকাতে হবে। তারপর ফ্যানের বাতাসে বা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হবে। ড্রায়ার ‘কুলিং মোড’-এ দিয়ে চুল শুকানোই ভালো। ড্রায়ার না থাকলে ফ্যানের নিচে চুল মেলে বসেও চুল শুকানো যায়।
ভালোভাবে চুল আঁচড়াতে হবে
সময় নিয়ে চুল আঁচড়ালে চুলের জন্য ভালো হয়। এতে রক্ত সঞ্চালন ভালো হয়। স্ক্যাল্পে থাকা ন্যাচারাল তেলের সরবরাহ ভালো হয় চুল ও সারা মাথায়। এতে চুল ময়েশ্চারাইজড হয়। ঘামের ফলে যে ক্ষতি হয়, তা-ও ঠিক হয়ে যায়। কাঠের চিরুনি চুল আঁচড়ানোর জন্য ভালো।
বিকল্প হতে পারে সোয়েট ব্যান্ড
যাঁরা জিম করেন, তাঁদের কাছে এই ব্যান্ড পরিচিত। মাথার ঘাম শুষে নেয় এই ব্যান্ড। তাই গরমে এটি ব্যবহার করা যেতে পারে।
তেলের ব্যবহার
রাতে চুলে তেল লাগিয়ে রাখতে পারেন। এটি চুলের ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে। চুলে তেল লাগানোর আগে তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল খুশকিমুক্ত থাকবে।
কয়েকটি উপকারী প্যাক
চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করতে পারেন। পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
গরমে চুলের যত্ন নিতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করতে পারেন। এটি চুলের জন্য অনেক ভালো। অ্যালোভেরা মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। অ্যালোভেরার রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন। ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মাথার স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে চুল পড়া কমবে এবং চুল ভালো থাকবে।
গরমে চুলের যত্ন নিতে মেহেদি ও টক দইয়ের প্যাক চুলের জন্য বেশ উপকারী। টক দই, মেহেদি পাতা, মেথি গুঁড়া ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এরপর চুলে ২০ মিনিটের মতো লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন। টক দই চুলকে ময়েশ্চারাইজ করবে। মেথি গুঁড়া খুশকি দূর করে এবং লেবুর রস চুল ঝলমলে করবে।
পাকা কলা, আমলকীর রস, মধু ও মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি চুল নরম এবং রোদে পুড়ে লালচে হওয়া থেকে রক্ষা পায়।
কমেন্ট