নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার
রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠিকই, কিন্তু নতুন চুল গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে মেথির পানি। আর চুলের যত্নে মেথির গুণাবলি বহু আগেই স্বীকার করে নিয়েছেন মানুষ। আর এখন মেথি ভেজানো পানি হয়ে উঠেছে ঘরোয়া কেশচর্চার অন্যতম উপাদান। এ কারণে বহু কৃত্রিম হেয়ারকেয়ার কসমেটিকসেও ব্যবহৃত হয় মেথির নির্যাস। মেথিতে রয়েছে আয়রন, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন ও প্রোটিন। আর মেথির পানি চুলের গোড়া মজবুত করতে, স্প্লিট এন্ডস্ কমাতে এবং স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে।
বর্তমান কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, মেথি ভেজানো পানির গুণ বাড়াতে তাতে যোগ করা যেতে পারে আরও একরাশ উপাদান। চলুন জেনে নেওয়া যাক, চুল গজাতে মেথির পানি কতটা কার্যকর—
রোজমেরি
চুলের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী ভেষজগুলোর মধ্যে একটি হচ্ছে রোজমেরি। এটি স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়, হেয়ার ফলিকল সুস্থ রাখতে সাহায্য করে এবং চুল পাতলা হওয়া রোধ করে। এ ছাড়া এতে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল গজাতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
একমুঠো শুকনো রোজমেরি পাতা মেথির সঙ্গে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে সেই পানি স্ক্যাল্পে লাগান। তারপর শ্যাম্পু করে ফেলুন। যদি রোজমেরি পাতা না পাওয়া যায়, তবে কাজ চালানো যায় রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে।
অ্যালোভেরা
শুষ্ক স্ক্যাল্পে আর্দ্রতা জোগাতে ও যে কোনো ধরনের জ্বালাভাব কমাতে সাহায্য করে থাকে অ্যালোভেরা। এ ছাড়া চুল নরম ও মসৃণ হয়। দেখতে শোভন লাগে।
কীভাবে ব্যবহার করবেন?
অ্যালোভেরা ফুটিয়ে ব্যবহার করবেন না। মেথির পানি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভালো করে মেখে নিন চুলের গোড়ায়।
লবঙ্গ
এটি ইউজেনল, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ। স্ক্যাল্প পরিষ্কার রাখতে, খুশকির সমস্যা দূর করতে এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে লবঙ্গ।
কীভাবে ব্যবহার করবেন?
মেথি ফুটানোর সময় ৩–৫টি লবঙ্গ যোগ করুন।
কারিপাতা
কারি পাতায় রয়েছে বিটা-ক্যারোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড, যা আপনার চুল ভাঙা কমিয়ে দেয়, স্ক্যাল্পকে পুষ্টি দেয়, চুলকে মজবুত করে এবং চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।
কীভাবে ব্যবহার করবেন?
মেথির সঙ্গে ১০–১৫টি তাজা কারিপাতা ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিন সেই পানি। মেথি আর কারিপাতা একসঙ্গে বেটে নিয়ে হেয়ার মাস্কের মতো স্ক্যাল্পজুড়ে লাগিয়ে দিন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
তবে এসবই কেশচর্চার ঘরোয়া উপায়। স্ক্যাল্পের সমস্যা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কমেন্ট