বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে: সেতুমন্ত্রী
বিএনপির আন্দোলনের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টাও ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গত দুই দিন তারা কী করে নাই? বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট আবারও নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’
আজ রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চিরাচরিত সন্ত্রাসী ব্যবস্থায় ফিরে গেছে। নিষ্ঠুরভাবে হামলা চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা তারেক রহমানের টেকব্যাক বাংলাদেশের স্বরূপ। কানাডার ফেডারেল আদালত ছয়বার এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে।
শনিবার ও রবিবারের হামলা বিএনপির পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অনেক দিন ধরেই হামলার প্রস্তুতি নিচ্ছিল।
গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে তারা তাদের রাজনীতির যে সন্ত্রাসী ধারা সেই ধারা বাস্তবায়নে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তারা তাদের ভয়ংকর রাজনীতির ধারা, পুরনো চেহারায় ফিরে আসার জন্য সময় নিচ্ছিল। সময় মতোই তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।
তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও তাদের হাতে নিরাপদ নয়।
আমরা তাদের এখনো বলব, এই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসুন। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন ও আহমেদ হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় ও সদস্যসহ অন্য নেতৃবৃন্দ।
কমেন্ট