বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজয় র্যালি শুরু
আওয়ামী লীগের বিজয় র্যালি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় বিজয় র্যালির মঞ্চে দেশাত্মবোধক সংগীতের মধ্যদিয়ে বিজয় র্যালির আয়োজন শুরু হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ র্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর ১টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এ বিজয় র্যালি শুরু হয়ে শাহবাগ ও সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
১৯টি শর্তে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগকে ‘বিজয় শোভাযাত্রা’ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে সোমবার এই বিজয় র্যালি করার জন্য গত ১৩ ডিসেম্বর ডিএমপিতে অনুমতি চায় ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় দলটি।
কমেন্ট