দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে রওশন এরশাদ দলের দায়িত্ব নিয়েছেন: কাজী মামুন

দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে রওশন এরশাদ দলের দায়িত্ব নিয়েছেন: কাজী মামুন

জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তাঁর ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে পার্টিকে রক্ষা করতে রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় কাজী মামুন এসব কথা বলেন।

জাতীয় ছাত্রসমাজের সহসভাপতি নকিবুল হাসান নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মামুন জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, জিএম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। এই মোনাফেকদের পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ দল থেকে অব্যাহতি দিয়েছেন। বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই।
 
কাজী মামুন বলেন, জিএম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশে লাখো নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেকে জনবন্ধু হিসেবে অ্যাখা দেওয়া জিএম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন। 

সভায় সাবেকমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছিলো তা জিএম কাদের ও চুন্নুর একগুঁয়েমীর কারণে, দেশবাসীর সঙ্গে প্রতারণার কারণে ম্লান হয়ে গেছে।

 
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহবায়ক, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ, এরফান আহমেদ ও আবু সাঈদ লিওনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম হাফিজ, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা আমানত হোসেন, এমএ কুদ্দুস খান, নুরুল ইসলাম নুরু, জাপা কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, আসাদ খান সামি, সাহিন আরা সুলতানা রিমা, নজরুল ইসলাম মুকুল, জহিরুদ্দিন জহির, শাহ আলম খান মাসুদ, শিশির চিশতী, এসএম হাসেম, শেখ রুনা মো. বাচ্চু মিয়া, কাজী মো. ফারুক, মো. কামরুজ্জামান, নাফিজ মাহবুব, শামসুল আলম, খন্দকার মনিরুজ্জামান টিটু, পাভেল আহমেদ, শেখ আমিনুল হাকিম, রিয়াজ খান, পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর মনোনয়ন দেবে আ.লীগ পরবর্তী

সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর মনোনয়ন দেবে আ.লীগ

কমেন্ট