চার দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন তারেক রহমান

চার দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন তারেক রহমান

উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার দিনের এ সফরে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।

একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট জেলা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। 

পত্রে জানানো হয়, সফরসূচি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।

সফরসূচি অনুযায়ী—

১১ জানুয়ারি ঢাকা থেকে সফর শুরু করে ১২ ও ১৩ জানুয়ারি বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

 

১৩ জানুয়ারি তিনি পঞ্চগড় (দুপুর ১টা ৩০), নীলফামারী (বিকাল ৪টা) ও লালমনিরহাটে (সন্ধ্যা ৭টা) কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। পরে রংপুরে রাত্রিযাপন করবেন।

১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আজ বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন।

সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ পরবর্তী

সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ

কমেন্ট