হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল
প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ঋণখেলাপি থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।
আজ বুধবার (২১ জানুয়ারি) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী তাঁর হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
কমেন্ট