মেসিকে ভোট দেওয়ায় সমালোচনার শিকার রিয়ালের দুই ফুটবলার
আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২৩ সালের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রতিটি দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন। অধিনায়ক হিসেবে লিওনেল মেসিকে ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ ও উরুগুয়ের ফেদেরিকো ভালভারদে। দীর্ঘ সময় ধরে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনায় খেলেছেন লিওনেল মেসি।
প্রতিদ্বন্দ্বী দলে খেলা ফুটবলারকে ভোট দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছ থেকে সমালোচনার শিকার হতে হয়েছে এই দুইজনকে।
গত পরশু লন্ডনে জমকালো আয়োজনে ফিফা 'দ্য বেস্ট'-এর পুরস্কার ঘোষণা করা হয়। সেরার লড়াইয়ে মেসি ও হালান্ডের মধ্যে হয়েছে তুমুল লড়াই। ভোটে দুজনেরই ছিল সমান ৪৮ স্কোরিং পয়েন্ট।
কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোট সবচেয়ে বেশি পাওয়ায় সেরা হয়েছেন মেসি। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’-এর ১২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, পয়েন্ট সমান হলে অধিনায়কদের ভোট যিনি বেশি পাবেন তিনিই হবেন বিজয়ী। ১০৭ জন অধিনায়কের প্রথম পছন্দ ছিলেন মেসি। হালান্ডকে ৬৪ এবং তৃতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পেকে ভোট দিয়েছেন ১৩ জন।
মেসি ছাড়া লুকা মডরিচ ভোট দিয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ও তাঁর স্বদেশি সতীর্থ মারসেলো ব্রোজোভিচকে। আর ভালভারদে মেসিকে প্রথম পছন্দে রেখে দ্বিতীয় ও তৃতীয় পছন্দে ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে ও আর্লিং হালান্ডকে। তবে তাদের দুইজনের পছন্দকে ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। সামাজিক মাধ্যমে নানাভাবে সমালোচনা করছেন তারা। এক্সে এক সমর্থক লিখেছেন, 'এটা বিব্রতকর অবস্থা।
এমন একজনকে ভোট দিয়েছে, যে মৌসুমে কিছুই করেনি।' অন্য আরেকজন লিখেছেন, 'আপনারা কি পাগল? কিভাবে মেসিকে ভোট দিলেন। কিভাবে সম্ভব।'
কমেন্ট