২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় ক্যারিবীয়দের
অ্যাডিলেইডে আগের টেস্টে দেশের হয়ে সাদা জার্সিতে পথচলা শুরু হয়েছিল তাঁর। টেস্ট অভিষেকটা তিনি রাঙিয়েছিলেন ইনিংসে পাঁচ উইকেট শিকার করে। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হার এড়ানোর লড়াইয়ে আরো রুদ্ররূপে আবির্ভূত শামার জোসেফ। এবার ক্যারিবীয় এই পেসারের শিকার ৭ উইকেট।
শামার জোসেফের মারাত্মক বোলিংয়ে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দিয়েছে ক্যারিবীয়রা। ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট জয়ের আনন্দে মাতোয়ারা হলো ওয়েস্ট ইন্ডিজ।
স্টিভেন স্মিথের ঠাণ্ডা মাথার দারুণ ধৈর্যশীল ৯১ রানের দুর্দান্ত ইনিংসটার পরও জয়োৎসব করতে পারেনি অস্ট্রেলিয়া। রান তাড়ায় চতুর্থ ইনিংসে ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামার জোসেফের মারাত্মক বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয়েছে প্যাট কামিনসের দল।
জোসেফদের বিরুদ্ধে প্রায় একার লড়াইয়ে ম্যাচটা বাঁচিয়ে রেখেছিলেন স্মিথ। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে অবিচল আস্থায় ব্যাট করছিলেন তিনি। ওপেনারের নতুন ভূমিকায় আজই সত্যিকারের পরীক্ষা দিতে হলো সাবেক এই অধিনায়ককে। তাতে দারুণভাবে সফল তিনি।
ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দুর্দান্ত একটি ইনিংসও খেলেছেন। তবু দিনশেষে জোসেফের কীর্তির কাছে ম্লান স্মিথের বীরত্ব! সঙ্গীর অভাবে জেতাতে পারলেন না অস্ট্রেলিয়াকে।
২ উইকেটে ৬০ রান নিয়ে আজ খেলা শুরু করে দলীয় স্কোর ১১৩ রানে পৌঁছে দিয়ে আউট হন আগের দিন ৯ রানে অপরাজিত থাকা ক্যামেরন গ্রিন। ৪২ রান করার পর শামার জোসেফের বলে সরাসরি বোল্ড হয়েছেন গ্রিন। এই ইনিংসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনিই।
গ্রিনের আউটের পরও শ্যামার জোসেফের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় অস্ট্রেলিয়া। ১৭৫ রানে তারা হারায় অষ্টম উইকেট।
ডিনার বিরতির পর খেলা শুরু হলে আলজারি জোসেফ তুলে নেন নাথান লায়নকে। তখনো জয় থেকে ২৫ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। তবে স্মিথ এক প্রান্ত আগলে রাখায় হয়তো জয়ের আশা করছিল স্বাগতিকরা। কিন্তু জস হ্যাজেলউডের স্টাম্প উড়িয়ে ২৭ বছর পর পাঁচ দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবীয়দের দুর্দান্ত জয় এনে দেন শামার জোসেফ। ৬৮ রানে তাঁর শিকার ৭ উইকেট। স্মিথের ৯১ রানের লড়াকু ইনিংসটা গেছে তাই বিফলে।
কমেন্ট