নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন হেনরি-সিয়ার্সরা

নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন হেনরি-সিয়ার্সরা

ক্রাইস্টচার্চে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। প্রথম দুদিন দাপট ছিল অস্ট্রেলিয়ারই। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ১৬২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর নিজেরা ২৫৬ রান করে প্রথম ইনিংসে ৯৪ রানের বড় লিড নেয় অজিরা। তখন হয়তো ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নই দেখছিল প্যাট কামিনসের দল।

ওই স্বপ্ন পূরণের কাজটা এখন বেশ কঠিনই! 
চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাট হেনরি ও বেন সিয়ার্সের বোলিং তোপে ৩৪ রান তুলতে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। একে একে ফিরে আসেন ব্যাটিংয়ের চার স্তম্ভ- স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, উসমান খাজা এবং ক্যামেরন গ্রিন। ট্রাভিস হেড এবং মিচেল মার্শ দিনের বাকি সময়টুকু কাটিয়ে দিলেও জয়ের লক্ষ্যে পৌঁছাটা এখনো দুরূহ  অস্ট্রেলিয়ার জন্য! 
তৃতীয় দিন শেষে করেছে তারা ৪ উইকেটে ৭৭ রান। বাকি ৬ উইকেটে তাদের করতে হবে আরো ২০২ রান।


ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান (৮ উইকেটে ২৮৫) রান তাড়া করে জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের। জিততে হলে কিউইদের ওই রেকর্ড ভাঙতে না হলেও কাছাকাছি যেতে হবে অস্ট্রেলিয়াকেও। ২০১১ সালের পর ট্রান্স তাসমান প্রতিবেশীদের সাদা জার্সিতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। দীর্ঘদিনের ওই খরা কাটানোর স্বপ্নই হয়তো দেখছেন এখন কিউইরা।

২ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টম লাথাম এবং রাচিন রবীন্দ্র। দলীয় স্কোর দেড় শ পেরোনোর পর লাথামের আউটে ভাঙে জুটিটা। কামিনসের শিকার হওয়ার আগে ১৬৮ বলে ৮টি চারে ৭৩ রানের কার্যকর হাফসেঞ্চুরি করেন লাথাম। লাথাম ফিরলেও ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রর ব্যাটে সচল থাকে কিউইদের রানের চাকা। চতুর্থ উইকেটে তাঁদের শতরানের জুটিতে বড় স্কোরের পথে হাঁটতে থাকে কিউইরা।


তবে ৮ রানের ব্যবধানে তাঁরা দুজনই ফিরে এলে দারুণভাবে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। মিচেলকে (৫৮ রান) ফিরিয়ে তাঁদের ১২৩ রানের জুটি ভাঙেন জস হ্যাজেলউড। রাচিনকে ফেরান অধিনায়ক কামিনস। ১০টি চারে ১৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রাচিন।
২৮৬ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ততক্ষণে লিডটা প্রায় দুই শ ছুঁই ছু্ঁই। এরপরও তারা পৌনে চার শর দিকে গিয়েছে স্কট কুগেলেইনের ৪৯ বলে ৪৪ রানের ক্যামিওটার কল্যাণে! নাথান লায়নের ঘূর্ণিতে ২৩ রানে শেষ চার উইকেট হারায় নিউজিল্যান্ড। ৬২ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার প্যাট কামিনস।


২৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে স্মিথকে হারায় অস্ট্রেলিয়া। ৯ রান করে ম্যাট হেনরি এলবিডাব্লিউর ফাঁদে পড়েন সাবেক এই অধিনায়ক। পরের ওভারে লাবুশানেকে (৬ রান) তুলে নেন আরেক পেসার সিয়ার্স। উসমান খাজাকে (১১ রান) টিম সাউদির ক্যাচ বানান হেনরি। এই ধাক্কা সামলে উঠার আগে আবার আঘাত সিয়ার্সের। এবার ক্যামেরন গ্রিনের স্টাম্প উড়িয়েছেন তিনি। ৩৪ রানে চতুর্থ উইকেটের পতনের পর পাল্টা আক্রমণে ৯.৪ ওভারে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪৩ রান যোগ করে বিপর্যয় সামাল দেন ট্রাভিস হেড (১৭* রান) এবং মিচেল মার্শ (২৭* রান)। 

শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপন নিয়ে মুখ খুললেন শান্ত পরবর্তী

শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপন নিয়ে মুখ খুললেন শান্ত

কমেন্ট