বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ডালাসের আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে ম্যাচ।

 
সূত্র বলছে, গত রাতে ডালাসে ভয়াবহ ঝড় বয়ে গেছে। ম্যাচের দিনও দমকা হাওয়ার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এদিন ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রয়েছে। যার কারণে জারি করা হয়েছে সতর্কতা সংকেত। সব মিলিয়ে অনুকূল পরিবেশ না থাকায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্ততি ম্যাচটি।
 
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচ।

 
উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই আগেভাগেই দেশটিতে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। সেখানে দুই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল টাইগাররা। সেখানে শান্ত বাহিনীর যে পারফরম্যান্স ছিল, সেটা হতাশাজনক। র‌্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে টানা দুই ম্যাচের ব্যর্থতায় সিরিজ হার। যদিও শেষ ম্যাচে দাপট দেখিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছিল টাইগাররা। ম্যাচগুলো খেলা হয়েছিল হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
 
তবে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। ফলে আগে তিন ম্যাচের সিরিজ খেললেও ডালাসে প্রস্তুতি ম্যাচটি খেলতে না পারাটা বাংলাদেশের জন্য হতাশারই।
 
সব কিছু ঠিক থাকলে ১ জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের এ স্টেডিয়ামটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল পর্বে খেলবে টাইগাররা।

প্রথম রাউন্ডেই বিদায় নাদাল পরবর্তী

প্রথম রাউন্ডেই বিদায় নাদাল

কমেন্ট