গিলকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

গিলকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে সহ-অধিনায়কের ভূমিকায় থাকা শুবমান গিলকে বাদ দিয়েছে। 

গিলকে বাদ দিয়ে দলে ফিরিয়েছে ইশান কিষানকে। সঙ্গে শিরোপা ধরে রাখার মিশনে দলে ডাকা হয়েছে রিংকু সিংকেও।


যথারীতি ঘরের মাঠের বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল।
দীর্ঘ ২ বছর পর দলে ফিরলেন ইশান। সর্বশেষ ২০২৩ সালের ২৮ নভেম্বর গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে খেলেছেন তিনি।


মাঝে এতটাই বাজে ফর্মে ছিলেন বাঁহাতি ব্যাটার, তাকে দলে চিন্তাই করছিলেন না অনেকে। তবে সর্বশেষ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সমান ২ সেঞ্চুরি-ফিফটিতে সর্বোচ্চ ৫১৭ রান করার পুরস্কারই পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।
সেঞ্চুরির একটি আবার ফাইনাল ম্যাচে করেছেন ইশান। হরিয়ানার বিপক্ষে ৬৯ রানের জয়ের ম্যাচে ১০১ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।


২০৬.১২ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১০ ছক্কা ও ৬ চারে। সঙ্গে ২ ক্যাচ নিয়ে ফাইনাল সেরাও হন ঝাড়খন্ডের অধিনায়ক। ইশানের সঙ্গে দলে ফিরেছেন রিংকু। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না বাঁহাতি ব্যাটার। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে থাকা জিতেশ শর্মা।

দলে তিন পেসারের বিপরীতে দুই স্পিনার নিয়েছে ভারত। পেস বোলিংয়ের নেতা জাসপ্রীত বুমরাহকে সহায়তা করবেন হারষিত রানা ও আর্শদীপ সিং। অন্যদিকে দুই স্পিনার হচ্ছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। দলে অলরাউন্ডার আছেন চারজন। তারা হচ্ছেন—হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর ও ওয়াশিংটন সুন্দর। 

ভারতের স্কোয়াড—
 
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হরষিত রানা, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ।

 

মেসির সঙ্গে আরো এক মৌসুম ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে লুইস সুয়ারেজকে পরবর্তী

মেসির সঙ্গে আরো এক মৌসুম ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে লুইস সুয়ারেজকে

কমেন্ট