নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখেছে রাজশাহী ওয়ারিয়র্স
জয় দিয়ে বিপিএল শুরু করা রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখেছে। ঢাকা ক্যাপিটালসের কাছে ৫ উইকেটের হার দেখেছে নাজমুল হোসেন শান্তর দল।
বিপরীতে ৭ বল হাতে রেখে জয় দিয়ে বিপিএল শুরু করল ঢাকা।
সিলেটে ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ৫ রানে ড্রেসিংরুমের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলান উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন। পাকিস্তানের ওপেনার উসমানের ১৮ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল্লাহ।
শেষ দিকে ২১০.০০ স্ট্রাইকরেটে জয়ের কাজটা সারেন সাব্বির রহমান। ১ চার ও ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন তিনি। বিনুরা ফার্নান্দোকে লং অফ দিয়ে নিজের দ্বিতীয় ছক্কা হাঁকিয়ে ম্যাচও শেষ করেন সাব্বির। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ১৭ রান করা বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি।
অন্যদিকে বোলিংয়ে ২ উইকেট নেওয়া নাসির হোসেন করেছেন ১৯ রান।
তবে ঢাকার জয়ের কাজটা বলা যায় আগেই সারেন বোলাররা। বিশেষ করে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ইমাদ ওয়াসিম। পাকিস্তানের সাবেক বাঁহাতি স্পিনার প্রথম বলে উইকেট নেওয়ার পর মাঝে বাকি দুটি নিয়ে রাজশাহীর ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন। তাকে এ সময় সঙ্গ দেন নাসিরসহ অন্যরা।
ঢাকার হয়ে বোলিং করা ৫ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন।
গতকাল সিলেটের দেওয়া ১৯১ রান তাড়া করে জয় পাওয়া রাজশাহী আজ ১৩৩ রানে আটকে যায় ঢাকার দুর্দান্ত ও মিতব্যয়ী বোলিংয়ে। রাজশাহীর পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কেউই কমপক্ষে ৪০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ও রাজশাহীর অধিনায়ক শান্ত।
কমেন্ট