নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
আর্জেন্টিনার কষ্টার্জিত জয় র্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দলের বিপক্ষে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রত্যাশার তুলনায় কঠিন লড়াই করেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
শুক্রবার (২৭ মার্চ) বুয়েনোস আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। তবে দলে শুরুতে ছিলেন না লিওনেল মেসি।
ম্যাচের ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। নাহুয়েল মলিনার ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগান এই মিডফিল্ডার। এরপর ৩২ মিনিটে নিকো পাজ দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে অনেকটাই ছন্দ হারায়।
বিরতির পর মাঠে নামেন লিওনেল মেসি, তবে তার উপস্থিতিতেও আক্রমণে ধারালো হতে পারেনি দল। পুরো দ্বিতীয়ার্ধে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা।
এই সুযোগে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে মৌরিতানিয়া। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
তবে ম্যাচের শেষদিকে জর্ডান লেফোর্ট গোল করে ব্যবধান কমালে শেষ মুহূর্তে কিছুটা চাপে পড়ে আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটিয়ে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স নিশ্চয়ই ভাবাবে দলটির কোচিং স্টাফকে।
আগামী ৩১ মার্চ একই ভেন্যুতে জাম্বিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যা বিশ্বকাপের আগে তাদের শেষ হোম প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে মৌরিতানিয়া মুখোমুখি হবে ফিলিস্তিনের।
কমেন্ট