ব্রাজিল দলের তারকা স্ট্রাইকারকে নিতে চেলসি-আর্সেনালের লড়াই

ব্রাজিল দলের তারকা স্ট্রাইকারকে নিতে চেলসি-আর্সেনালের লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ইগর থিয়াগো। আর সেই পারফরম্যান্সই তাকে নিয়ে আগ্রহ বাড়িয়েছে দুই শীর্ষ ক্লাব আর্সেনাল ও চেলসির। 

ইতালীর ক্রীড়া সাংবাদিক নিকোলো শিরার বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্রেন্টফোর্ডের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লন্ডনের দুই জায়ান্ট ক্লাব।

থিয়াগো এই মৌসুমে দারুণ ছন্দে আছেন।


প্রিমিয়ার লিগের ৩৫তম রাউন্ড শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
গোল্ডেন বুটের দৌড়ে তিনি বর্তমানে শীর্ষে থাকা আর্লিং হালান্ডের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।

২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৩৭ ম্যাচে করেছেন ২৫ গোল, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, তার বাজারমূল্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো।


ব্রেন্টফোর্ডের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।
চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে উঠে আসা থিয়াগোকে ঘিরে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে জমে উঠতে পারে লড়াই। তাই বিশ্লেষকদের ধারণা, ভিত্তিমূল্যের চেয়ে অনেক বেশি দামে তাকে পেতে চাইবে ক্লাবগুলো। 

এদিকে, মৌসুমজুড়ে দারুণ খেলার প্রতিদান হিসেবে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েই মার্চ ও এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছেন তিনি।


 

বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে এমবাপ্পে পরবর্তী

বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে এমবাপ্পে

কমেন্ট