পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নাপোলির কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের
শিরোপা জয় নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। গতকাল রাতে সেটাও সেরে ফেলল ইন্টার মিলান। পার্মাকে ২-০ গোলে হারিয়ে সিরি ‘আ’-তে ২১তম শিরোপা জিতল কোচ ক্রিস্টিয়ান চিভুর দল।
শিরোপা জয় কতটা নিশ্চিত ছিল তা এক ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে। কেননা ৩ ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে গতকাল শিরোপা উদযাপন করেছেন লাউতারো মার্তিনেজ-মার্কাস থুরামরা। সর্বশেষ ৬ মৌসুমে তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো তারা। শিরোপার রেকর্ডে দুইয়ে তারা।
৩৬ ট্রফি নিয়ে শীর্ষে জুভেন্টাস।
সান সিরোতে শিরোপা নিশ্চিতের ম্যাচে গোল দুটি করেছেন থুরাম ও হেনরিখ মেখিতারিয়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে পার্মার গোলমুখ খোলেন থুরাম। আর ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন মেখিতারিয়ান।
এতে করে ১২ পয়েন্টে এগিয়ে থেকে ট্রফি নিজেদের ঘরে তোলে ইন্টার। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার যদি শেষ ৩ ম্যাচে হারেও তবুও চূড়ায় পরিবর্তন আসবে না। কারণ, সর্বশেষ বারের চ্যাম্পিয়ন নাপোলির বর্তমানে পয়েন্ট ৭০। বাকি তিন ম্যাচ জিতলে সর্বোচ্চ ৭৯ হবে।
গেল মৌসুমে ১ পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল ইন্টারের।
এবার সেই আক্ষেপ ৩ ম্যাচ বাকি থাকতেই মেটাল তারা। তার আগে ২০২৩-২৪ মৌসুমে ইন্টার জিতেছিল। সামনে আরেকটি শিরোপা ক্যাবিনেটে তোলার সুযোগ পাচ্ছে তারা। আগামী ১৩ মে রোমার অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ান কাপের ফাইনাল রয়েছে। প্রতিপক্ষ লাৎসিও।
কমেন্ট