বক্সে ‘আর্সেনালের কৌশল’ ঠেকাতে নতুন নিয়ম আনছে ফিফা

বক্সে ‘আর্সেনালের কৌশল’ ঠেকাতে নতুন নিয়ম আনছে ফিফা

পেনাল্টি বক্সের ভেতরে খেলোয়াড়দের অতিরিক্ত ধাক্কাধাক্কি, টানা-হেঁচড়া ও জড়িয়ে ধরার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপে এমন পরিস্থিতিতে রেফারিরা আরো কঠোর হবেন বলে জানিয়েছেন ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রধান পাসকাল জুবারবুহলার।

সাবেক সুইস গোলরক্ষক জুবারবুহলার বলেছেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচে এই ধরনের ঘটনা বেড়েছে। তবে বিশ্বকাপে দায়িত্ব পাওয়া রেফারিরা বিষয়টি শক্ত হাতে সামলাতে পারবেন বলে তার বিশ্বাস।


তিনি বলেন, ‘আমরা বিশেষ করে আর্সেনালের ম্যাচগুলোতে এই প্রবণতা দেখেছি। এটা এখন এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে। তবে আমার বিশ্বাস, বিশ্বকাপে থাকা সেরা রেফারিরা এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ 

সম্প্রতি আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের একটি বিতর্কিত গোল বাতিলের ঘটনায় নতুন করে আলোচনায় আসে বিষয়টি।


স্টপেজ টাইমে ওয়েস্ট হ্যামের সমতাসূচক গোলটি বাতিল করেন রেফারি ক্রিস কাভানাঘ। তার সিদ্ধান্ত ছিল, গোলের আগে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে ফাউল করেছিলেন ওয়েস্ট হ্যামের পাবলো।

তবে ওয়েস্ট হ্যামের দাবি ছিল, কর্নার নেওয়ার সময় আর্সেনালের কয়েকজন খেলোয়াড়ও প্রতিপক্ষকে টেনে ধরা ও জড়িয়ে ধরার কাজ করছিলেন।

যদিও ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনির মতো অনেকেই রেফারির সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন, তবু ফিফার বিশেষজ্ঞরা মনে করছেন— এ ধরনের পরিস্থিতিতে আরও দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

জুবারবুহলার বলেন, ‘গোলরক্ষকদের বিপক্ষে ছোট ছোট অনেক ফাউল হয়, যা রেফারিদের খেয়াল করতে হয়। পেনাল্টি বক্সে অনেক খেলোয়াড়ের ভিড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কিন্তু আমাদের বিশ্বাস, বিশ্বকাপের রেফারিরা এসব পরিস্থিতি ভালোভাবেই সামলাবেন। শুরু থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।’

এদিকে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) মাঠে অতিরিক্ত টানা-হেঁচড়া ও জড়িয়ে ধরার বিষয়টি ঠেকাতে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।


তবে সম্ভাব্য নিয়ম পরিবর্তন বিশ্বকাপের পর কার্যকর হতে পারে। ফলে এবারের বিশ্বকাপে ফিফা নির্বাচিত রেফারিদেরই কঠোরভাবে বর্তমান নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। 

উল্লেখ্য, কর্নারের সময় বক্সে গোলরক্ষকদের ঘিরে ধরা, জায়গা তৈরি করার উপায় খুঁজে বের করা এবং সেট-পিস থেকে গোল করা আর্সেনালের নতুন কৌশলে পরিণত হয়েছে। এই মৌসুমে গানারদের ৬৮টি লিগ গোলের মধ্যে ২১টিই এসেছে এই পথ ধরে। 

 

বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পরবর্তী

বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়

কমেন্ট