কুরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কেউ এমবাপ্পেকে দলে চায় না : গোলরক্ষক ডি’আলেসান্দ্রো
রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। এবার ফরাসি এই তারকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক লা লিগা গোলরক্ষক হোর্হে ডি’আলেসান্দ্রো। এমনকি সুযোগ পেলে এমবাপ্পেকে বিক্রি করে আর্লিং হালান্ডকে দলে নেওয়ার কথাও বলেছেন তিনি।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে হাজির হয়ে ডি’আলেসান্দ্রো বলেন, এমবাপ্পে এখন পর্যন্ত যেসব কোচের অধীনে খেলেছেন, তাদের কারো সঙ্গেই সম্পর্ক ভালো ছিল না।
তিনি বলেন, ‘এমবাপ্পে আটজন কোচের অধীনে খেলেছে এবং প্রায় সবার সঙ্গেই তার সমস্যা হয়েছে। তাই আমার মনে হয়, মরিনহোই হয়তো এমন একজন কোচ, যে তাকে সামলাতে পারবে।’
তিনি প্রশ্ন তোলেন, এমবাপ্পেকে ঘিরে কাঙ্ক্ষিত রিয়াল মাদ্রিদ গড়া বেশি গুরুত্বপূর্ণ, নাকি এমবাপ্পেই আসলে সেই দলকে বড় কিছু দিতে পারবেন।
ডি’আলেসান্দ্রো বলেন, ‘আমি ভাবছি, এমবাপ্পের পাশে কাদের খেলানো উচিত।
ভিনিসিয়ুস কি তার জন্য সঠিক সঙ্গী? এমবাপ্পের পাশে মেসি, নেইমার বা দেম্বেলের মতো খেলোয়াড় নেই। তাহলে তাকে ঘিরে কেমন দল গড়া উচিত?’
রিয়ালের আক্রমণভাগ নিয়ে তার সংশয় আরও স্পষ্ট হয় পরের মন্তব্যে। তিনি বলেন, ‘রদ্রিগো যদি না থাকে, তাহলে ব্রাহিম দিয়াজের পাশে কে খেলবে? আমি ব্রাহিমকে সম্মান করি, মাস্তানতুয়োনোকেও সম্মান করি। কিন্তু এমবাপ্পের সঙ্গে ঠিক কোন ধরনের খেলোয়াড় মানানসই—এটাই বড় প্রশ্ন।
’
অনুষ্ঠানের উপস্থাপক মজা করে বলেন, ‘আপনি যদি কোচ হতেন, তাহলে অনেক আগেই এমবাপ্পেকে বাদ দিতেন?’
জবাবে ডি’আলেসান্দ্রো বলেন, ‘না, আমি বরং হালান্ডকে কিনতাম।’
পরে উপস্থাপক তাকে সরাসরি প্রশ্ন করেন, সুযোগ পেলে তিনি কি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে এমবাপ্পেকে বিক্রি করার পরামর্শ দিতেন?
এর উত্তরে সাবেক এই গোলরক্ষক বলেন, ‘যদি কেউ সত্যিই তাকে কিনতে চায়, তাহলে আমি বিক্রি করতে রাজি। কিন্তু আসল কথা হলো, কেউ এমবাপ্পেকে চায় না।’
তিনি আরো বলেন, ‘বাজারমূল্য দেখে সব বিচার করা যায় না। আমি এমন খেলোয়াড় চাই, যাদের দিয়ে দলকে ভারসাম্যপূর্ণ করা যাবে।
বিশেষ করে নির্ভরযোগ্য একজন সেন্টার-ব্যাক দরকার।’
কমেন্ট