পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত
টানা দুই হারের পর জিতল বাংলাদেশ
অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে আজ স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
এডিনবরা জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো নিগার সুলতানা জ্যোতিদের। স্কটল্যান্ডের বিপক্ষেই ৮ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে আবার হার। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের ব্যবধানে।
জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। তার ৫৮ রানের ইনিংসে ভর করে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৬ চার ও ১ ছক্কার ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটারের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন সোবহানা মোস্তারি। ইনিংসটি সাজান ৫ চার ও ১ ছক্কায়।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। দলীয় ১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। পরে দুই বোন ক্যাথরিন ব্রেইস ও সারাহ ব্রেইস ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তা হতে দেননি মারুফা আক্তার ও রিতু মণি। অধিনায়ক ক্যাথরিনকে ২১ রানে ফেরান মারুফা।
বিপরীতে সর্বোচ্চ ৪০ রান করা সারাহকে আউট করেন ম্যাচে ৪ উইকেট নেওয়া রিতু।
শেষ দিকে তার বোলিং তোপেই ১১৮ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। তবে ২ ওভার শেষে ১২ রানে ৪ উইকেট নিলেও ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক জ্যোতি। ২টি করে উইকেট নিয়েছেন মারুফা ও সানজিদা আক্তার মেঘলা। বাংলাদেশের শেষ ম্যাচ ৪ জুন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
ত্রিদেশীয় সিরিজ জিততে চাইলে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে তাতেও সাফল্য নাও পেতে পারেন জ্যোতিরা। কেননা স্কটল্যান্ড যদি আগামীকাল নেদারল্যান্ডসকে হারায় তাহলে তারাই চ্যাম্পিয়ন হবে। তাই বাংলাদেশের জিতলেই চলবে না প্রার্থনা করতে হবে স্কটল্যান্ড যেন অন্য ম্যাচেও হারে। এমন কিছু হলে তিন দলের পয়েন্ট তখন সমান হবে। নেট রানরেটে এগিয়ে থাকা দলই তখন টি-টোয়েন্টি সিরিজটির চ্যাম্পিয়ন হবে।
বর্তমানে ৩ ম্যাচ শেষে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ডের। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। বিপরীতে ২ ম্যাচ খেলে ২ পয়েন্টে সবার নিচে নেদারল্যান্ডস।
কমেন্ট