ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ
এক ম্যাচে দুইবার শাস্তি পেল ভারত
এক ম্যাচে দুইবার শাস্তিপেল ভারত। শ্রীলংকার বিপক্ষে ‘এ’ দলের ম্যাচে পিচের সংরক্ষিত অংশে বারবার দৌড়ানোর অপরাধে এই শাস্তির মুখে পড়ে টিম ইন্ডিয়া।
শ্রীলংকা সফরে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে এই ঘটনা ঘটায় ভারত। ম্যাচে দুই দফায় একই ভুল করায় পাঁচ রান করে মোট ১০ রানের শাস্তি দেওয়া হয়।
সোমবার ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে ভারতের ব্যাটসম্যান বিপরাজ নিগম দুইবার পিচের সংরক্ষিত অংশ অতিক্রম করেন। এর আগে একই বিষয়ে তাকে সতর্ক করেন আম্পায়াররা। সতর্কবার্তা পাওয়ার পরও একই ভুল পুনরাবৃত্তি করায় ভারতকে দুইবার শাস্তি দেওয়া হয়।
ম্যাচের ৩৪তম ও ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে এই শাস্তি দেন। দ্বিতীয় ঘটনায় নিগম একটি বল শর্ট থার্ড ম্যানের দিকে খেলে রান নিতে বের হয়েছিলেন। তবে নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দিলে দ্রুত ক্রিজে ফেরার সময় তিনি পিচের মাঝখান দিয়ে দৌড়ে পুনরায় নিয়ম ভাঙেন।
এর দুই ওভার আগেও একই ধরনের অপরাধ করেছিলেন নিগম। ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, ভারতীয় ব্যাটসম্যানদের আগেও সতর্ক করেছিলেন আম্পায়াররা। কিন্তু সতর্কবার্তার পরও একই ভুল হওয়ায় শাস্তি এড়ানো সম্ভব হয়নি। ফলে শ্রীলংকা ‘এ’ দল তাদের স্কোরবোর্ডে অতিরিক্ত ১০ রান যোগ করে লক্ষ্য তাড়ায় নেমেছে।
তবে বিতর্কিত এই ম্যাচে ভারতের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিগমের। ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুলতে অষ্টম উইকেটে সূর্যাংশ শেঢগের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন তিনি। ৪৯ বলে ৫১ রান করে রান আউট হন নিগম। আর শেঢগে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলায় ভারতীয় ‘এ’ দল ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়।
টার্গেট তাড়া করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে শ্রীলংকা। জয়ের জন্য শেষ ২২ ওভারে করতে হবে ৯১ রান।
কমেন্ট