ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

লিওনেল মেসির প্রতিপক্ষ হতে পারাটাও অনেকের জন্য অবিশ্বাস্য স্বপ্ন। কেপ ভার্দের খেলোয়াড়ের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

 
মায়ামিতে আজ রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলেছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন মেসি।

আফ্রিকান দলটির ফুটবলাররা আর্জেন্টাইন অধিনায়কের কাছে জার্সিও চান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের বেশ কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তুলতে এবং স্মারক হিসেবে তার জার্সি চেয়ে নিতে অপেক্ষা করছিলেন। 
মেসিও কাউকে হতাশ করেননি। সবার চাওয়া পূরণ করেছেন।


পরে রসিকতা করে বলেছেন, ‘ওরা আমার জার্সি চাইল, সবই চাইল...অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!’
আজও আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান এই মহাতারকা। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার ক্রস থেকেই সুযোগ সৃষ্টি হয়।

নিজেদের নিয়ে মেসি বলেন, ‘এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি।


যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হেড দিতে পারে এবং বল বাতাসে থাকা অবস্থায় শক্তিশালী—আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে।’

আত্মসমালোচনা করতেও ভোলেননি মেসি, ‘আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা (কেপ ভার্দে) এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।’

‘শুধু মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে’ পরবর্তী

‘শুধু মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে’

কমেন্ট