আর্জেন্টিনাকে ‘ঝামেলার’ প্রতিপক্ষ বললেন স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ
বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে সতর্ক করেছেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই কোচের মতে, আর্জেন্টিনা এমন এক প্রতিপক্ষ, যারা প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ।
কিংবদন্তি দেল বস্ক স্প্যানিশ দৈনিক এল পাইস-কে বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের বিপক্ষে খেলা খুবই কঠিন। চাইলে তাদের 'ভীষণ ঝামেলার প্রতিপক্ষ' বলা যায়। তারা জানে, ম্যাচ জিততে ঠিক কী করতে হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে তাদের মানসিকতা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
৭৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ স্পেনের এবারের পারফরম্যান্সেও মুগ্ধ, ‘এই টুর্নামেন্টে স্পেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ উদাহরণ দেখিয়েছে।’
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
কমেন্ট