জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
গার্দিওলাকে কোচ হিসেবে চায় ইতালি
২০২৮ সালের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ইউরো কাপকে সামনে রেখে বিশ্ব ফুটবলে এক বিরাট বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে ইতালি। ইতালির জাতীয় দলের সদ্য নিযুক্ত স্পোর্টিং ডিরেক্টর ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি দলের হারানো গৌরব ফেরাতে মরিয়া।
আর সেই মিশন সফল করতে বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাকে আজ্জুরিদের প্রধান কোচ হিসেবে উড়িয়ে আনার জন্য সব শক্তি নিয়ে মাঠে নেমেছেন তিনি।
স্কাই ইতালিয়ার বরাত দিয়ে জানা গেছে, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত না থাকা এই স্প্যানিশ কোচের সঙ্গে মালদিনি ইতিমধ্যেই একটি হাইপ্রোফাইল গোপন বৈঠক সম্পন্ন করেছেন।
ইতালিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ ভাগে বার্সেলোনায় অনুষ্ঠিত হয় এই মেগা বৈঠক। সেখানে পাওলো মালদিনির পাশে ইতালির কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লিওনার্দোও উপস্থিত ছিলেন।
ম্যানচেস্টার সিটির দীর্ঘ সফল অধ্যায় চুকিয়ে গার্দিওলা কিছুদিন আগেই ফুটবল দুনিয়াকে জানিয়েছিলেন যে, আপাতত তিনি চাপহীন ও শান্ত জীবন উপভোগ করছেন। তবে ফুটবলের চিরন্তন সত্য হলো—ইতালির প্রতি তার অনুরাগটা একটু বিশেষই। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ছাড়ার পর ইতালির ক্লাব ব্রেসিয়া ও রোমাতে খেলার সুবাদে দেশটির ফুটবল সংস্কৃতির সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে গভীরভাবে। আর সেই আবেগের জায়গাটিকেই কাজে লাগিয়ে ইতালির ফুটবল ফেডারেশন এই কাতালান মাস্টারমাইন্ডকে জাতীয় দলের প্রধান কোচের লোভনীয় প্রস্তাবটি দিয়েছে।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ইতালির। বিশেষ করে পরপর বিশ্বকাপে জায়গা করে নিতে না পারায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের মাঝে হতাশার কালো মেঘ জমেছে। সেই অন্ধকার কাটিয়ে আজ্জুরিদের সোনালি দিন আর ট্রফির ট্র্যাকে ফিরিয়ে আনাই এখন ইতালিয়ান ফুটবল বোর্ডের এক নম্বর অগ্রাধিকার।
যদিও ইতালির ডাগআউটের জন্য রবার্তো মানচিনি এবং আন্দ্রেয়া পিরলোর মতো হেভিওয়েট তারকাদের নামও জোর গুঞ্জনে রয়েছে, তবে ইতালিয়ান বোর্ডের যে ‘প্ল্যান এ’ পেপ গার্দিওলাই—তা এখন স্পষ্ট।
কমেন্ট