বুমরার জায়গায় ভারতের টেস্ট ডাক পেয়ে কাশ্মীরের পেসারের ইতিহাস

বুমরার জায়গায় ভারতের টেস্ট ডাক পেয়ে কাশ্মীরের পেসারের ইতিহাস

যশপ্রীত বুমরা চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়ার পর থেকে তার নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। অবশেষে সেটিই সত্যি হলো।


ভারতের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন আকিব নবী। তাতে খুলে গেল ইতিহাসের দুয়ারও। জম্মু-কাশ্মীর রাজ্য থেকে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া প্রথম ক্রিকেটার ২৯ বছর বয়সী এই পেসার।

দারুণ ছন্দে থাকা আকিব নবীকে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে না নেওয়ায় গত কিছুদিনে ভারতীয় ক্রিকেটে বিতর্ক হয়েছে প্রচুর।


শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পড়া বুমরার জায়গায় সুযোগ পেলেন নবী।
জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। টেস্টে প্রথম খেলার হাতছানি আকিব নবীর সামনেই।


গত দুই মৌসুমে রাঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়ে নজর কাড়েন আকিব নবী। বিশেষ করে, গত মৌসুমে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তারই। ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করে টুর্নামেন্টসেরা হন তিনি। 

ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সংস্করণেও আকিব নবী ভালো করছিলেন। টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে উইকেট নিয়েছিলেন ১৫টি, ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ১৪টি।


এসব পারফরম্যান্সের কারণেই আইপিএলের নিলামে তুমুল লড়াইয়ের পর তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
তার পরও ভারত জাতীয় দলে আকিব নবী সুযোগ না পাওয়ায় নানা প্রশ্ন উঠছিল। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ভালো পারফর্ম করেছেন। কিন্তু ভারতের নির্বাচকরা বেশি জোর দিচ্ছিলেন গতিময় পেসারদের ওপর। শেষ পর্যন্ত সুইং বোলার নবীর সুযোগ এল।

প্রায় নিখুঁত লাইন-লেংথ ও দুই দিকেই সুইং করার সামর্থ্য আকিব নবীর বোলিংয়ের বড় শক্তি। পুরোনো বলেও বেশ কার্যকারিতা দেখিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ‘এ’ দলের হয়ে।

এবারের শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। গলে প্রথম টেস্ট শুরু ১৫ আগস্ট, কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট থেকে।

শ্রীলঙ্কায় যদি আকিব নবীর টেস্ট অভিষেক হয়ে যায়, তাহলে জম্মু-কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে খোদাই হয়ে থাকবে তার নাম।

 

অভিনব কায়দায় স্বাগত জানিয়ে মেসিকে বরণ করে নিল মায়ামি পরবর্তী

অভিনব কায়দায় স্বাগত জানিয়ে মেসিকে বরণ করে নিল মায়ামি

কমেন্ট