বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে অনুশীলনের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।


ব্রিসবেনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসের পিঠের পেশিতে টান ধরেছে। ব্যাটিংয়ের সময় ৮ রান করার পর ইংলিস অস্বস্তি বোধ করলে মাঠ ছেড়ে চলে যান। পরে তাকে ধীরে ধীরে জাতীয় ক্রিকেট সেন্টারের চিকিৎসা বিভাগের দিকে যেতে দেখা যায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ইংলিস সুস্থ হয়ে উঠবেন।


তবে অতীতেও একাধিকবার পিঠের সমস্যায় ভোগায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস জানিয়েছে, ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ইংলিসের খেলার সম্ভাবনা কম।

এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্টের পর প্রথমবারের মতো এই সংস্করণে খেলবে অস্ট্রেলিয়া। তাই ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।


তবে ইংলিস চোট নিয়ে মাঠ ছাড়লে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়।

সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সাদা বলের দলকে নেতৃত্ব দিয়েছেন ইংলিস। ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজেও দুটি টেস্ট খেলেছেন।

কোড স্পোর্টস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার উইকেটকিপার হিসেবে দেখা যাবে অ্যালেক্স ক্যারিকে।


অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড গত সপ্তাহে বলেছিলেন, মার্নাস লাবুশেনের বড় ইনিংস উপহার দেওয়া প্রয়োজন। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে প্রস্তুতি ম্যাচে ৬২ রান করে বিশ্রামে গেছেন লাবুশেন।

রান পেয়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ডও। ৫২ রান করার পর নাথান লায়নের বলে অ্যালেক্স ক্যারির স্টাম্পিংয়ের শিকার হন তিনি।

গত ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে গুরুতর হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন নাথান লায়ন। চোট কাটিয়ে ফেরার ম্যাচেই লায়ন ৩ উইকেট পেয়েছেন। 

অস্ট্রেলিয়ার চার প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড—প্রত্যেকেই ১০ ওভার করে বোলিং করেছেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও প্রস্তুতি ম্যাচে অংশ নেন।

ম্যাট রেনশ জেক ওয়েদারাল্ডের সঙ্গে ইনিংসের সূচনা করেন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাভিস হেডের।

আরো ৩ দেশের সমর্থন হারিয়ে বেকায়দায় ইনফান্তিনো পরবর্তী

আরো ৩ দেশের সমর্থন হারিয়ে বেকায়দায় ইনফান্তিনো

কমেন্ট