সালাহর পথ ধরে এবার তুরস্কের ক্লাবে লুকাকু

সালাহর পথ ধরে এবার তুরস্কের ক্লাবে লুকাকু

কদিন আগে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে দলে ভিড়িয়ে আলোড়ন সৃষ্টি করেছে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোর। এবার বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকে নিজেদের করে নিতে চলেছে আরেক তুর্কি ক্লাব ফেনেরবাচে।


 
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, নাপোলি থেকে লুকাকুকে ছাড়িয়ে নেওয়ার আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারও ফেনেরবাচেতে যোগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই দলবদল সম্পন্ন হতে পারে।

২ বছরের চুক্তি

ফেনেরবাচের সঙ্গে ২ বছরের চুক্তি করতে রাজি হয়েছেন লুকাকু।


চুক্তি অনুযায়ী, বেতন ও বোনাস মিলিয়ে বছরে তার আয় হতে পারে প্রায় ১ কোটি ইউরো (প্রায় ১৪২ কোটি টাকা)। নতুন মৌসুম শুরুর আগে যত দ্রুত সম্ভব, তাকে দলে পেতে চায় ফেনেরবাচে।
তবে দলবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন নাপোলি ও ফেনেরবাচের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা। লুকাকুকে ছাড়তে নাপোলি ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ইউরো পেতে চায়।


এর কম অর্থে তাকে ছাড়লে ইতালিয়ান ক্লাবটির লোকসান হতে পারে।
এর আগে স্কাই স্পোর্টস জানিয়েছিল, ফেনেরবাচে লুকাকুর জন্য প্রায় ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব নাপোলি প্রত্যাখ্যান করেছে।

লাভ হবে চেলসিরও

লুকাকুর সম্ভাব্য দলবদলে ইংলিশ ক্লাব চেলসিও আর্থিকভাবে লাভবান হতে পারে। ২০২৪ সালে লুকাকুকে নাপোলির কাছে বিক্রি করার সময় তার পরবর্তী দলবদলের অর্থের ৪০ শতাংশ পাওয়ার শর্ত রাখা হয়েছিল বলে জানিয়েছে লা গাজেত্তা দেল্লো স্পোর্ত।


ফলে ফেনেরবাচের কাছে লুকাকু বিক্রি হলে চেলসিও সেই অর্থের একটি অংশ পাবে।
লুকাকুকে ছেড়ে দিলে নাপোলির বেতনভাতার চাপও কমবে। তার মোট বার্ষিক বেতন প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো (১৫৬ কোটি টাকা) বলে উল্লেখ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যমটি। ফলে তাকে ছেড়ে দিয়ে নতুন খেলোয়াড় আনার জন্য নাপোলির হাতে বাড়তি অর্থ থাকবে।

চ্যাম্পিয়নস লিগের হাতছানি

২০২৪ সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দেওয়ার পর লুকাকু দলটির হয়ে ইতালিয়ান সিরি ‘আ’ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এখন ফেনেরবাচেতে গেলে তার সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও থাকবে। তুরস্কের ক্লাবটি বর্তমানে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলছে।

ফেনেরবাচের নতুন কোচ ইসমাইল কার্তালের জন্যও লুকাকুর আগমন বড় সংযোজন হতে যাচ্ছে। ঘরোয়া শিরোপার পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করতে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে তুরস্কের ক্লাবটি।

লুকাকুর এজেন্ট ফেদেরিকো পাস্তোরেল্লোর সঙ্গেও ইতালিতে আলোচনা হওয়ার কথা রয়েছে। চুক্তির শেষ আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হলেই বেলজিয়ান তারকার নাপোলি অধ্যায়ের ইতি ঘটবে এবং তুরস্কে শুরু হবে তার নতুন অধ্যায়।

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি পরবর্তী

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

কমেন্ট