কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ইনফান্তিনো: উয়েফা সভাপতি
ফিফার সভাপতি পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা স্পষ্টভাবেই নাকচ করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হতে পারে।
বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা সামনে আসার পর ইনফান্তিনোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে সমালোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে অনেক দেশের ফুটবল ফেডারেশন তার ওপর আগের মতো আস্থা রাখছে না বলেও আলোচনা রয়েছে। এমনকি উয়েফা প্রধান সেফেরিনও ফিফা সভাপতির অবস্থানের সঙ্গে একমত নন।
তবে ইনফান্তিনোর বিকল্প হিসেবে নিজে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন সেফেরিন। উয়েফায় কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বর্তমান দায়িত্বেই থাকাকে নিজের জন্য বেশি উপযুক্ত মনে করছেন।
সেফেরিনের ধারণা, আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী মাঠে নামতে পারেন। তার মতে, রাজনৈতিক মহলের পাশাপাশি ফুটবলার, কোচ ও সমর্থকদের মধ্যেও ইনফান্তিনো সমর্থন হারিয়েছেন। ফলে নির্বাচনে তার জন্য প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে না।
বিশ্বকাপের অংশবিশেষ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন সেফেরিন। তার ভাষায়, এই পরিকল্পনা ২০২১ সালের বহুল বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের উদ্যোগের চেয়েও ভয়াবহ ছিল। এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে কার্যত ‘ফুটবলটাই বিক্রি হয়ে যেত’ বলে মন্তব্য করেছেন উয়েফা প্রধান।
কমেন্ট