শেফিল্ডে হামজা, বাংলাদেশি মিডফিল্ডারকে শুভ কামনা লেস্টারের

শেফিল্ডে হামজা, বাংলাদেশি মিডফিল্ডারকে শুভ কামনা লেস্টারের

শেফিল্ড ইউনাইটেডে আগেও খেলেছেন হামজা চৌধুরী। তবে গত মৌসুম ছিল ধারে।


এবার আর ধারে নয়, স্থায়ী খেলোয়াড় হিসেবেই খেলবেন বাংলাদেশি মিডফিল্ডার। ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যাম্পিয়নশিপের দলটি।
হামজাকে নেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে শেফিল্ড লিখেছে, ‘বাংলাদেশের হামজা চৌধুরী আনুষ্ঠানিকভাবে আবারও ‘দ্য ব্ল্যাডসে’ (শেফিল্ড ইউনাইটেডের ডাক নাম)। বাংলাদেশি মিডফিল্ডারকে লেস্টার সিটি থেকে অপ্রকাশিত দলবদল ফিতে এক বছরের জন্য চুক্তিতে নেওয়া হয়েছে।


শেফিল্ডে নাম লেখানোয় একটা অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ২১ বছরের এক অধ্যায়ের। ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। এরপর ধীরে ধীরে প্রতিভার প্রমাণ দিয়ে খেলেছেন সিনিয়র দলে।


জিতেছেন এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপ টাইটেল। ‘ঘরের ছেলের’ বিদায়ে হামজাকে শুভ কামনা জানিয়েছে ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা লেস্টার সিটি।

 

সামাজিক মাধ্যমে লেস্টার সিটি লিখেছে, ‘৭ বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা চৌধুরী। দুই দশকেরও বেশি সময়ের পথচলায় মূল দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এফএ কাপ এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে সাফল্য রয়েছে তার। লেস্টার সিটিতে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা।



সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের হয়ে ১৬৫ ম্যাচ খেলেছেন হামজা। ৩ গোল করেছেন। পাশাপাশি কয়েক ম্যাচে দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০০৫ সালে একাডেমিতে যোগ দেওয়া হামজার সিনিয়র দলে অভিষেক হয় ক্যারাবাও কাপ দিয়ে। ২০১৭ সালে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে বদলি নেমেছিলেন বাংলাদেশি মিডফিল্ডার। ২ মাস পর প্রিমিয়ার লিগে বদলি হয় তার। বদলি নামা ম্যাচে টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল লেস্টার।

আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই পরবর্তী

আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই

কমেন্ট