দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও জড়িত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘অমানবিক পাকিস্তান, ওর এটা প্রাপ্য নয়’—রবি শাস্ত্রী
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের ক্রিকেট দলের সাবেক সফল কোচ রবি শাস্ত্রী। ইমরানের প্রতি পাকিস্তানের প্রশাসনের আচরণকে অত্যন্ত ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
শাস্ত্রীর দাবি, রাজনৈতিক মতপার্থক্য যা-ই থাকুক না কেন, কোনো মানুষের সঙ্গেই এমন নিষ্ঠুর আচরণ করা সমীচীন নয়। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। মারাত্মক উদ্বেগের বিষয় হলো, বর্তমানে তাঁর ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে বলে জানা গেছে।
রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, ‘আমি রাজনীতিবিদ নই।
কিন্তু এখন ওঁর সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, সেটা দেখে আমি অবাক। কোনো মানুষের সঙ্গে এভাবে আচরণ করা যায় না। মানবিক দিক থেকে দেখলে, ওঁর সঙ্গে যা হচ্ছে, সেটা প্রাপ্য নয়। আমি শুধু নিজের হয়ে এই কথা বলছি না।
আমার মনে হয়, বিশ্বের অনেক ক্রিকেটারই একই কথা বলবেন।’
ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে শাস্ত্রী তাঁর ক্রিকেটজীবনেরও প্রশংসা করেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পাকিস্তানের সাবেক অধিনায়কের দক্ষতার কথা তুলে ধরেন তিনি।
রবি শাস্ত্রী বলেন, ‘আমি শুধু চাই, ইমরান ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিকেটকে উনি যা দিয়েছেন, সেটা সত্যিই বিশেষ।
ওঁর কথা মনে পড়লে একজন অসাধারণ নেতা হিসেবেই মনে পড়ে। মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল ওঁর। তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে তাঁদের এগিয়ে নিয়ে যেতে পারতেন। প্রায় ৪০ বছর বয়সেও নেতৃত্ব দিয়ে তরুণ একটি দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।’
২০২৩ সাল থেকে জেলে রয়েছেন ইমরান। শাস্ত্রীর মতে, বিশ্বের কাছে পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলির মধ্যে অন্যতম ইমরান। তাই তাঁর সঙ্গে আরও ভালো আচরণ করা উচিত।
রবি শাস্ত্রীর দাবি, ‘আশা করি উনি জেল থেকে বেরিয়ে আসবেন এবং ওঁর সঙ্গে আরো ভালো ব্যবহার করা হবে। অনেক দিন ধরে উনি সেখানে রয়েছেন। রাজনীতি আমি বুঝি না। আপনি অন্য কোনো জায়গায় থেকেও একই অবস্থায় থাকতে পারেন। কিন্তু এভাবে একটা ঘরের মধ্যে বসে থাকা ওনার প্রাপ্য নয়। কারণ গোটা বিশ্বে ইমরান খানই পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখ।’
শুধু নেতা হিসেবে নয়, ক্রিকেটার হিসেবেও ইমরানের প্রশংসা করেছেন শাস্ত্রী। ভারত-পাকিস্তান ক্রিকেটের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার কথাও তুলে ধরেছেন তিনি। রবি শাস্ত্রী বলেন, ‘আপনি যে মানুষটিকে আমার সঙ্গে দেখছেন, তিনি অবিশ্বাস্য একজন ক্রিকেটার ছিলেন। তাঁকে শুধু দুর্দান্ত ক্রিকেটার বললে কম বলা হবে। ভারত-পাকিস্তান ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতার ভেতরেও একে অপরের প্রতি সম্মান ছিল।’
কমেন্ট