এবারও আইপিএল-পিএসএল ‘সূচির সংঘাত’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘাত পিছুই ছাড়ছে না পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ২০২৭ সালেও এই দুই টুর্নামেন্ট একই সময়ে মাঠে গড়াবে।
ফলে টানা তৃতীয়বারের মতো ভারত ও পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের সূচিতে সংঘাত হতে চলেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে ২০২৭ সালের ১৮ মার্চ, ফাইনাল ২ মে। আট দলের অংশগ্রহণে হবে পুরো টুর্নামেন্ট। গত মাসে লন্ডনে পিএসএল পরিচালনা পর্ষদের সভায় ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
এদিকে, আইপিএলের ২০তম আসরের আনুষ্ঠানিক সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে অতিরিক্ত গরম ও বর্ষা মৌসুমে বৃষ্টির ঝুঁকি কমাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া ২০২৭ সালের ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়কে সম্ভাব্য সূচি হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের ভাবনা উঠেছিল। মূলত আইপিএলের সঙ্গে সূচির সংঘাত এড়ানো এবং সম্প্রচার ও বিজ্ঞাপন আয় বাড়ানোর লক্ষ্যেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে পাকিস্তানের শীত, কুয়াশা এবং রমজানের সময়সূচিসহ নানা বাস্তবতায় শেষ পর্যন্ত মার্চ থেকে মে মসকেই বেছে নেওয়া হয়েছে।
২০২৫ ও ২০২৬ সালেও আইপিএলের সঙ্গে একই সময়ে হয়েছিল পিএসএল। সূচির এই সংঘাতে বিদেশি খেলোয়াড়দের নিয়েও তৈরি হয়েছিল প্রতিযোগিতা। বিশেষ করে আইপিএলের বিশাল বাজার ও আর্থিক শক্তির কারণে পিএসএলকে তুলনামূলক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।
তবু পিএসএল নিয়ে আশাবাদী পিসিবি।
গত আসরে আট দলে সম্প্রসারণ ও রেকর্ড দর্শক উপস্থিতির পর ২০২৭ আসর আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করছে তারা।
কমেন্ট