সাইকেল-নাইটক্লাব কাণ্ডে এমবাপ্পেকে নিয়ে অস্বস্তিতে রিয়াল

সাইকেল-নাইটক্লাব কাণ্ডে এমবাপ্পেকে নিয়ে অস্বস্তিতে রিয়াল

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের শুরুটা ছিল স্বপ্নের মতো। কিন্তু দুই বছর না যেতেই সেই স্বপ্নের আকাশে জমেছে মেঘ।


 
মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন এমবাপ্পের আচরণ, চোটের সময়ে জীবনযাপন এবং কোচ জোসে মরিনহোর সঙ্গে সম্পর্ক নিয়েই বেশি আলোচনা। এমনকি আগামী মৌসুমে এমবাপ্পে রিয়ালে থাকবেন কি না, উঠেছে সেই প্রশ্নও।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ ও আরএমসি স্পোর্ট জানিয়েছে, মৌসুম শেষে এমবাপ্পের রিয়াল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এমবাপ্পে ক্লাব ছাড়তে চান বা রিয়াল তাকে বিক্রি করতে চায়—এমন কোনো নিশ্চিত তথ্য নেই।


সমস্যার শুরু মূলত চোটের সময় এমবাপ্পের কর্মকাণ্ড নিয়ে। সম্প্রতি বাঁ হাঁটুর চোটে ফ্রান্সের দল থেকে ছিটকে যাওয়ার পর তাকে প্রেমিকার সঙ্গে প্যারিসের একটি নাইটক্লাবে দেখা যায়। পরে সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ভিডিও প্রকাশ করেন তিনি। এতে রিয়ালের অস্বস্তি আরো বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।


কোচ মরিনহোর অবস্থানও বেশ কঠোর। গত মাসে তিনি বলেছিলেন, ‘আপনি ২৪ ঘণ্টাই একজন ফুটবলার। আপনি কী খান, কী পান করেন, কীভাবে ঘুমান—সবকিছুই আপনার পেশার অংশ। আপনি স্কি করতে পারবেন না, সাইকেলও চালাতে পারবেন না।’

মরিনহো আরো সতর্ক করে বলেছিলেন, ‘সাইকেল থেকে পড়ে গেলে হয়তো তিনটি ম্যাচ খেলতে পারবেন না, কিংবা আরো খারাপ কিছু হতে পারে।


ফুটবলার হতে গেলে অনেক কিছুই আপনাকে ছাড়তে হবে।’
সব মিলিয়ে রিয়ালের ড্রেসিংরুমের অস্বস্তির সঙ্গে এমবাপ্পেকে ঘিরে নতুন বিতর্কও যোগ হয়েছে। তবে চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন এবং লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবারের ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। 

এবারও আইপিএল-পিএসএল ‘সূচির সংঘাত’ পরবর্তী

এবারও আইপিএল-পিএসএল ‘সূচির সংঘাত’

কমেন্ট