
অনলাইনে অর্ধেক কিশোরী-তরুণী নিগ্রহের শিকার হচ্ছে বলে উঠে এসেছে এক জরিপে। ইন্টারনেটের প্রসার ক্রমে বাড়ার সঙ্গে সঙ্গে এখন বহু অল্পবয়সী মেয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা শুরু করেছে। আর এতে তাদের অনলাইনে বিভিন্ন ধরনের নির্যাতন ও নিগ্রহের শিকার হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
সম্প্রতি যুক্তরাজ্যের এক পরিসংখ্যানে দেখা যায় ১১ থেকে ১৮ বছর বয়সী যত কিশোরী কিংবা তরুণী রয়েছে, তাদের প্রায় অর্ধেকেরেই নিগ্রহের শিকার হওয়ার আশঙ্কা থাকে। তবে যুক্তরাজ্যের পরিসংখ্যান ব্যবহৃত হলেও সারা বিশ্বেই এ হারে খুব একটা পার্থক্য নেই। আর এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অল্পবয়সী নারীদের ঝুঁকির বিষয়টি নতুন করেই উঠে এসেছে।
জরিপটিতে এক হাজার অল্পবয়সী নারীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশই জানিয়েছে কোনো না কোনোভাবে তারা নিগ্রহের শিকার হয়েছে। এসব নিগ্রহের মধ্যে রয়েছে অযাচিত মেসেজ পাঠানো, নিগ্রহমূলক ছবি কিংবা বক্তব্য প্রকাশ ও শেয়ার করা। এছাড়া তাদের বিনা অনুমতিতে ছবি শেয়ার করা ও অন্যান্য হয়রানি তো রয়েছেই।
যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা প্ল্যান এ জরিপটি চালিয়েছে।
এতে আরও উঠে এসেছে নিগ্রহের শিকার হওয়াদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে এ পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। এছাড়া ব্লক করে কিংবা অভিযোগ করেও তারা ব্যবস্থা নিয়েছে। প্রতি পাঁচজন নারীর দুইজন জানিয়েছে তারা অনলাইনে নিগ্রহের শিকার হয়ে অন্য ব্যবহারকারীদের ব্লক করেছে।
এ বিষয়ে প্ল্যান ইন্টারন্যাশনালের যুক্তরাজ্যের প্রধান এক্সিকিউটিভ তানিয়া ব্যারন বলেন, এ গবেষণা ফলাফলে বোঝা যায়, অতীতে রাস্তায় নারীদের যে হয়রানির ঘটনা ঘটত, তা এখন অনলাইনে বিস্তারলাভ করেছে। রাস্তাঘাটের হয়রানির বিষয়গুলো এখন ডিজিটাল বিশ্বেও চলে এসেছে!
কমেন্ট