বিষণ্নতার চিকিৎসায় স্মার্টফোন অ্যাপ

বিষণ্নতার চিকিৎসায় স্মার্টফোন অ্যাপ

বিষণ্নতার চিকিৎসায় কার্যকর হয়ে উঠতে পারে স্মার্টফোন অ্যাপ। অস্ট্রেলিয়াভিত্তিক একদল বিশেষজ্ঞের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় সম্প্রতি এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বব্যাপী বিষণ্নতায় আক্রান্ত লাখ লাখ মানুষের নিরাপদ ও সহজলভ্য চিকিৎসায় নতুন পথ খুলে দিয়েছে গবেষণাটি। খবর মেডিকেল এক্সপ্রেস। মানসিক ব্যাধি হিসেবে বৈশ্বিক জনগোষ্ঠীর কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে বিষণ্নতার প্রাদুর্ভাব। রোগটির চিকিৎসা চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবা খাত। ক্রমবর্ধমান এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়েই গবেষণাটিতে মনোযোগী হয়ে ওঠেন অস্ট্রেলিয়াভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব কমপ্লিমেন্টারি মেডিসিনের (এনআইসিএম) গবেষকরা। এতে তাদের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল, যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও অস্ট্রেলিয়ার ব্ল্যাক ডগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। গবেষণায় বিষণ্নতার স্মার্টফোনভিত্তিক চিকিৎসার কার্যকারিতা অনুসন্ধান করে দেখেন তারা। ১৮টি নিয়ন্ত্রিত পরীক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২২টি ভিন্ন ভিন্ন স্মার্টফোনের অ্যাপভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যকারিতা খতিয়ে দেখেন তারা। একই সঙ্গে পর্যবেক্ষণ চালানো হয় ১৮-৫৯ বছর বয়সী ৩ হাজার ৪০০ জনেরও বেশি নারী ও পুরুষের ওপর। এদের সবাই বিভিন্ন মাত্রার বিষণ্নতা ছাড়াও বাইপোলার ডিজঅর্ডার, উদ্বেগ ও অনিদ্রায় ভুগছিলেন। অনুসন্ধান, পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা সিদ্ধান্তে উপনীত হন যে, রোগীর বিষণ্নতার লক্ষণ প্রশমনে সার্বিকভাবেই কার্যকর ভূমিকা রাখছে স্মার্টফোনের অ্যাপভিত্তিক চিকিৎসা। বিষণ্নতার চিকিৎসায় এ ধরনের চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা নিয়ে এটিই প্রথম গবেষণা। এর ফলাফল চিকিৎসকদের জন্য রোগীর বিষণ্নতা প্রশমনে নতুন ধরনের ডিজিটাল থেরাপি উদ্ভাবনের পথে দিকনির্দেশনামূলক হয়ে উঠতে যাচ্ছে বলে আশা করা যায়। গবেষণায় উঠে আসা ফলাফল নিবন্ধ আকারে প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রি’ জার্নালে।
৫ অক্টোবরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে পূর্ববর্তী

৫ অক্টোবরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে

এখনই ২৮০ বর্ণে টুইট করার উপায় পরবর্তী

এখনই ২৮০ বর্ণে টুইট করার উপায়

কমেন্ট