
ফ্রিল্যান্সিং ও প্রবাসী আয় সহজে দেশে আনতে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যালের জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর এবার দেশের সব সরকারি লেনদেন অনলাইনে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘সরকারি বিভিন্ন ফি, বেতন, লাইসেন্স ফি, বিদ্যুৎ ও গ্যাসের বিল অনলাইনে পরিশোধের ব্যবস্থা করা হবে।
এসব লেনদেন মোবাইল ফোনের মাধ্যমে হবে। আমরা আইসিটি বিভাগের উদ্যোগে মোবাইল ফিন্যানশিয়াল সিস্টেম বানিয়ে বাংলাদেশ ব্যাংকের হাতে দেব। এতে ভাতার টাকা, সেবার টাকা মেরে দেওয়ার, ঘুষ নেওয়ার সুযোগ কারো হাতে থাকবে না। ’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’-এর দ্বিতীয় দিনে পেপ্যালের জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়। পেপ্যাল+জুম সার্ভিস লঞ্চিং সেরিমনি অ্যান্ড ফ্রিল্যান্সারস কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে জয় আশা প্রকাশ করে বলেন, জুম সেবার ফলে বিদেশ থেকে টাকা আনতে হুন্ডি, দুর্নীতির দিন শেষ হতে চলেছে।
তিনি বলেন, বিদেশে থাকা এক কোটি ১৮ লাখ বাংলাদেশি গত অর্থবছরে প্রায় ১৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এর বাইরে হুন্ডির মাধ্যমে কত টাকা এসেছে তার কোনো হিসাব নেই। এখন পেপ্যাল চালু হওয়ায় দ্রুত টাকা পাঠানোর সুবিধার কারণে প্রবাসীরা আর হুন্ডি করবেন না এবং তাতে রেমিট্যান্স বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা।
পেপ্যাল ইন্টারনেটভিত্তিক বিশ্বের বৃহত্তম পেমেন্ট ব্যবস্থা।
জুম তাদের ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস। একসময় জুম আলাদা কম্পানি থাকলেও ২০১৫ সালে পেপ্যাল তা কিনে নেয়। ওই বছরের শেষ দিকেই কয়েকটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে জুমের সেবা চালু হয়। বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রবাসীরা জুম ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন। যারা দেশে বসে বিদেশে কাজ করেন, ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে জড়িত, তাঁরাও এর সুবিধা পাবেন। এক হাজার ডলার পাঠাতে ৪ দশমিক ৯৯ ডলার ফি লাগবে এবং এক হাজার ডলারের ওপরে কোনো ফি লাগবে না। প্রাথমিকভাবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পেপ্যালে আসা টাকা তোলা যাবে।
তবে আপাতত এই সেবা হবে ‘ইনবাউন্ড’। অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো হলে তা তোলা যাবে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে টাকা পাঠাতে পারবেন না। প্রাতিষ্ঠানিক কাজে দেশের বাইরে বিল পরিশোধ, ইন্টারনেটে কেনাকাটা বা হোটেল বুকিংয়ের সুবিধাও আপাতত পাওয়া যাবে না। তবে বাংলাদেশের অর্থনীতি আরো বড় হলে এই সুবিধাও উন্মুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন জয়।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু হলে এর প্রভাব সরাসরি যাতে বাংলাদেশের অর্থনীতিতে না পড়ে, সেই চেষ্টায় আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ‘কিছুটা আইসোলেটেড’ রেখেছে। বাংলাদেশ থেকে টাকা যেন ফ্রিলি না যেতে পারে, সেটা আমাদের পলিসি। তবে আমাদের সরকারের আমলেই বিদেশে যাওয়ার সময় একজন ব্যক্তিকে ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সুবিধা দেওয়া হয়েছে। ’
এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যখন উন্নত হবে, যখন আমরা বিদেশের যেকোনো দেশের সঙ্গে অর্থনীতিতে পাল্লা দিতে পারব, সেই পর্যায়ে আর কারেন্সির এই প্রতিবন্ধকতা থাকবে না। ’ জয় জানান, জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বেশ কিছুদিন ধরেই পরীক্ষামূলক যে সেবা চলছিল, তাতে প্রায় আট কোটি টাকা দেশে এসেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা দেশে বসেই ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে অর্থ আয় করেন, সেই টাকা আনতে তাঁদের বড় ধরনের সমস্যায় পড়তে হতো। টাকা আনতে তিন থেকে সাত দিন সময় লেগে যেত এবং ৩০ শতাংশ খরচ হয়ে যেত ফি দিতে গিয়েই। এ কারণে ফ্রিল্যান্সাররা বাংলাদেশে পেপ্যাল চালুর দাবি করে আসছিলেন। আজকে সেই সার্ভিস বাংলাদেশে চালু হলো। পেপ্যাল অ্যাকাউন্ট থেকে, অ্যাপ থেকে লগইন করে সরাসরি টাকা পাঠানো যাবে। ৪০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে টাকা চলে আসবে। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা যেকোনো সময় টাকা পাঠানো যাবে।
ভবিষ্যতে ইন্টারনেটের দাম আরো কমানোর আশ্বাস দিয়ে জয় আরো বলেন, ‘এ বছরের মধ্যে মোবাইল ফোনের ফোরজি নিলাম করতে বুধবার প্রতিমন্ত্রী, বিটিআরসি চেয়ারম্যান ও অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেছেন তিনি। ফোরজি গাইডলাইন নিয়ে ২৪টি সমস্যা ছিল, ২২টির সমস্যা সমাধান করেছি। বাকি দুটি দাম নিয়ে, দামাদামি চলছে। আমি দাবি করেছি, এই বছরের মধ্যে শহর এলাকায় ফোরজি ডেপ্লয় করতে হবে। টেক নিউট্রালিটি দিয়ে দিচ্ছি, যাতে যেকোনো সময় ফোরজি কেন, ফাইভজি-ও চালু করতে পারে। ’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘পেপ্যালের মাধ্যমে বিদেশ থেকে টাকা আনার সুযোগ ছিল এ দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি। আজকের এই সেবা উদ্বোধনের ফলে তাঁদের সেই দাবি পূরণ হলো। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আপাতত পেপ্যালের জুম সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। ফ্রিল্যান্সাররাও তাঁদের টাকা তুলতে পারবেন। ’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
কমেন্ট