
বিভিন্ন হোটেলের সেবার মানে তারতম্য থাকে। কোনো হোটেলে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থাকলে সে ব্যাপারে সতর্ক করে দেবে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজর।
একটি হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মান ভাল না হলে সে ব্যাপারে সতর্ক করে দেবে ওয়েবসাইটটি।
এছাড়া হোটেলে কেউ যৌন নিগ্রহের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে, সেটিও জানিয়ে দেবে ট্রিপ অ্যাডভাইজর।
একই সঙ্গে কোনো ব্যক্তি ওই হোটেলে বর্ণ বৈষম্যের শিকার হলে তা ওয়েবসাইটটিতে উল্লেখ করে দেবে।
এ ধরনের হোটেলকে বিশেষ ধরনের ব্যাজ দিয়ে চিহ্নিত করে দেখানো হবে ট্রিপ অ্যাডভাইজরের ওয়েব পেইজে।
তবে বিশেষভাবে চিহ্নিত করার ব্যাজটি প্রথমে তিন মাস ওই হোটেলের পেইজে দেখানো হবে। এই সময়ের মধ্যে আর কেউ ওই হোটেল সম্পর্কে অভিযোগ না জানালে ওই সতর্ক বার্তা সরিয়ে নেওয়া হবে।
সম্প্রতি এক মহিলা একটি হোটেলে নিগ্রহের শিকার হয়েছেন বলে ট্রিপ অ্যাডভাইজরে পোস্ট দিলে ওয়েবসাইটটি তার পোস্টটি সরিয়ে দেয়। পরে ওয়েবসাইট কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা প্রার্থনা করে।
এই ঘটনার পরপরই তারা এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল।
কমেন্ট