বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
প্রযুক্তি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে
রাষ্ট্রপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আচার্য মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার কুয়েটের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি উন্নয়নের বাহন। মোবাইল ফোন বর্তমান সময়ে একটি অপরিহার্য ইলেকট্রনিক সামগ্রী; কিন্তু আজ-কাল সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। বাসায় ফেসবুক, গেমস, মেইল ইত্যাদি নিয়েই সময় কাটিয়ে দেয়। একজন অন্যজনের সঙ্গে কিছু শেয়ারও করতে চায় না। এতে করে একদিকে দিন দিন পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, অন্যদিকে ছেলেমেয়েরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া কুয়েটের তৃতীয় এই সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
সমাবর্তনে ২৭৯৫ জনকে স্নাতক ও ২২৮ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ২৬৫৭ জন, বিইউআরপি ১৩৮ জন, এমএসসি ইঞ্জিনিয়ারিং ১০৩ জন, এমফিল ৪৮ জন এবং আটজনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। একই সঙ্গে ভালো ফলের জন্যে ৩৮ জন কৃতী গ্র্যাজুয়েটকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ভালুকায় গ্যাস দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর বলেন, জ্ঞান সৃষ্টির এই ব্যবস্থায় উদ্ভাবনের ভেতর দিয়ে মানুষ লাভ করেছে প্রকৃতিকে নিয়ন্ত্রণের ক্রমবর্ধমান ক্ষমতা। জ্ঞান যদি ক্ষমতা হয়, জ্ঞান সৃষ্টির ক্ষমতা হচ্ছে গভীরতর ক্ষমতা। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই অপার শক্তির উৎস বা সেই সম্ভাব্য স্বপ্নরাজ্য।
প্রফেসর আবদুল মান্নান গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ জোগায় এ দেশের মানুষ। ফলে এই দেশের মানুষের কাছে তোমরা ঋণী। এই ঋণ তোমাদের শোধ করতে হবে।
বন্দরের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে হবে : দেশের বন্দরগুলোকে লাভজনক এবং এগুলোর সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার দেশের মোংলা সমুদ্রবন্দরের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য উন্নত সমুদ্রবন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে বন্দরের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে হবে। এর কর্মকাণ্ড সহজতর ও সাশ্রয়ী করতে হবে।
কমেন্ট