বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ মোদির জয়ের দাবি সত্ত্বেও হাল ছাড়ছে না কংগ্রেস

বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ মোদির জয়ের দাবি সত্ত্বেও হাল ছাড়ছে না কংগ্রেস

মঙ্গলবার দিনভর ভোট গণনার শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছে বলে দাবি করলেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নেতাকর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বিজয়ের এই মুহূর্তে আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এনডিএর সব সঙ্গীকে।’

নরেন্দ্র মোদির এই দাবির ভিত্তি হলো, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২৯২টিতে হয় জিতেছে বা এগিয়ে আছে।


অন্যদিকে বিরোধী শিবিরের প্রধান জোট ইন্ডিয়া পেতে চলেছে ২৩২টির মতো আসন।
আরো পড়ুন : জনগণ তৃতীয়বারের মতো এনডিএকে বিশ্বাস করেছে : মোদি

সরকার গড়ার জন্য প্রয়োজনীয় গরিষ্ঠতা পেতে হলে অন্তত ২৭২টি আসনে জেতা জরুরি। এনডিএ সেই ‘ম্যাজিক সংখ্যা’ অতিক্রম করে গেছে বলেই নরেন্দ্র মোদি দাবি করছেন তারা ‘পরপর তৃতীয়বার জনগণের আশীর্বাদ’ পেয়েছেন এবং সরকার গড়তে যাচ্ছেন।

তবে এখানে একটি বড় জটিলতা আছে।


এনডিএর ২৯২টি আসনের মধ্যে বিজেপি এককভাবে পেতে চলেছে ২৪০টির মতো আসন। অর্থাৎ আলাদা দল হিসেবে তাদের আসন গরিষ্ঠতার চেয়ে প্রায় ৩০-৩২টি কম হতে যাচ্ছে।সুতরাং সরকার গড়ার জন্য বিজেপির জোটসঙ্গীদের সমর্থন প্রয়োজন হবে। আর ঠিক এখানেই চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টি (টিডিপি) বা নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) ভূমিকা খুব বড় হয়ে উঠতে পারে।

আরো পড়ুন ​​​​​​​: ২৮ বছরের এনডিএর সঙ্গে টক্কর দিল এক বছর আগের ‘ইন্ডিয়া’

ভোটের আগে বিজেপির সঙ্গে নির্বাচনি আঁতাত ও আসন সমঝোতা করলেও টিডিপি বা জেডিইউ যে ভোটের পরও তাদের সঙ্গেই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। বা তাদের একসঙ্গে থাকার কোনো বাধ্যবাধকতাও নেই।

এই পরিস্থিতির সুযোগ নিয়েই এনডিএকে ভাঙিয়ে সরকার গড়ার পাল্টা চেষ্টা চালাতে পারে ‘ইন্ডিয়া’ জোটও। বস্তুত এদিন বিকেলে ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেস সেই সম্ভাবনার কথা নাকচও করেনি। বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিকরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছেন বলেও স্থির হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু বুধবার পরবর্তী

২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু বুধবার

কমেন্ট