হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত হাজারো যোদ্ধা

হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত হাজারো যোদ্ধা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে-এমন আশঙ্কায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

কর্মকর্তারা বলেছেন, গত এক দশকে সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরাইলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহও উত্তর ইসরাইলে শ শ রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, এই গোষ্ঠীর এরই মধ্যে এক লাখ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর জনশক্তির একটা অংশ শুধু ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে। ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলেছেন, লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান-সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তাও একই কথার উল্লেখ করে বলেছেন, যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, আমরা হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তবে হিজবুল্লাহর কর্মকর্তারা বলেছেন, তারা ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চান না। তবে যুদ্ধ শুরু হলে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা প্রায় ৯ মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যার জেরে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের ঝুঁকিও ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরাইলের চূড়ান্ত পরাজয়ের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইসরাইলকে সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ইসরাইলের চূড়ান্ত পরাজয় হবে।

হামাসের সঙ্গে ‘আংশিক’ যুদ্ধবিরতি চুক্তির জন্য তার দেশ প্রস্তুত: নেতানিয়াহু পরবর্তী

হামাসের সঙ্গে ‘আংশিক’ যুদ্ধবিরতি চুক্তির জন্য তার দেশ প্রস্তুত: নেতানিয়াহু

কমেন্ট