হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলা

হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলা

ইসরায়েল ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, তাদের নৌবাহিনী হুতি-নিয়ন্ত্রিত তিনটি বন্দর খালি করার আহ্বানের পর হোদেইদা এলাকায় হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনব্যবস্থার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।


তারা আরো জানায়, ‘এই হামলা চালানো হয়েছে বন্দরটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা বন্ধ করতে। বন্দরটি অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল।’ হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, ‘ইসরায়েলি শত্রুর দুটি হামলা হোদেইদা বন্দরের ডকে আঘাত হানে।’

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আমরা হুতি সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করেছিলাম, তারা যদি ইসরায়েলের দিকে হামলা অব্যাহত রাখে, তবে তারা শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং নৌ ও আকাশ অবরোধের শিকার হবে।



এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রায়ি আরবি ভাষায় এক্স এবং টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘হুতি সন্ত্রাসী শাসন যেহেতু সামুদ্রিক বন্দরগুলোকে ব্যবহার করছে, তাই আমরা রাস ইসা, হোদেইদা এবং সালিফ বন্দরে অবস্থানরত সবাইকে নিজ নিজ নিরাপত্তার জন্য দ্রুত সেগুলো খালি করতে বলছি।’

২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে গাজায় ইসরায়েলবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে। গত মার্চে শেষ হওয়া গাজার দুই মাসব্যাপী অস্ত্রবিরতির সময় হুতিরা হামলা বন্ধ রাখলেও, ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করলে তারা হামলা পুনরায় শুরু করে।


ইসরায়েল জানিয়েছে, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করতে সক্ষম হলেও, গত মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। হুতিদের হামলার জবাবে ইসরায়েল এর আগেও ইয়েমেনে বেশ কিছু হামলা চালিয়েছে, যার মধ্যে রাজধানী সানার বিমানবন্দর ও একাধিক বন্দর অন্তর্ভুক্ত। 

 

লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের পরবর্তী

লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের

কমেন্ট