মালয়েশিয়ায় পুলিশের অভিযানে আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ

চলতি সপ্তাহে মালয়েশিয়ায় পুলিশের অভিযানে যে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, তারা চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে সহিংস মতাদর্শের ওপর ভিত্তি করে উগ্র জঙ্গি আন্দোলন গড়ে তোলায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে। খবর স্ট্রেইটস টাইমসের।  


এ প্রসঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুওন ইসমাইল বলেছেন, গত ২৪ এপ্রিল পরিকল্পিত একটি অভিযানের অংশ হিসেবে সেলেনগর ও যোহর অঞ্চল থেকে তিন ধাপে এই বাংলাদেশিদের আটক করা হয়।

এক বিবৃতিতে দাতুক সাইফুদ্দিন আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার আদেশ জারি হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনে সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দাতুক সাইফুদ্দিন জানান, মালয়েশিয়া পুলিশের বিশেষ বিভাগ তাদের তদন্তে উদঘাটন করেছে যে, এই গ্রুপটি দেশটিতে আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নিয়োগ সেল গঠন করেছিল। এই সেলগুলো প্রতিষ্ঠিত হয়েছিল মৌলবাদী বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা এবং তাদের নিজেদের দেশের বৈধ সরকারকে উৎখাত করার জন্য।


মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের তৎপরতার প্রশংসা করে বলেন, তাদের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে জননিরাপত্তা নিশ্চিতে এই অভিযান সফল হয়েছে।

দাতুক সাইফুদ্দিন আরও বলেন, মালয়েশিয়াকে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সন্ত্রাসীদের হুমকি থেকে মুক্ত রাখতে স্থানীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সার্বিয়ায় নির্বাচনের দাবিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের সমাবেশ পরবর্তী

সার্বিয়ায় নির্বাচনের দাবিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের সমাবেশ

কমেন্ট