জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বুধবার পত্রিকাটি সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে এ বিষয়ে অবগত এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময় বরাদ্দ রাখে, তাই ভারতের ‘প্রধানমন্ত্রী’কে ২৬ সেপ্টেম্বর বক্তাদের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। তবে তালিকাটি পরিবর্তিত হতে পারে এবং মোদি জাতিসংঘে যাবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২৩-২৯ সেপ্টেম্বর।
সম্ভাব্য এই সফরের মূল কারণ জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ হলেও, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে আলোচনা করাও অন্যতম উদ্দেশ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে।
কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে—যা কোনো মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কের অন্যতম।
বাণিজ্য আলোচনায়ও অচলাবস্থা তৈরি হয়েছে। কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে একমত হতে না পারায় পাঁচ দফা আলোচনার পরও নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চুক্তি হয়নি।
মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সুইজারল্যান্ড ও ভারতের সঙ্গে কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনো বাকি আছে। তবে ভারতের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি কিছুটা ‘একগুঁয়ে’ আচরণ করছে।
তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের শেষ নাগাদ ট্রাম্প প্রশাসন সব গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।
কমেন্ট