আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজা যুদ্ধ বন্ধ ও বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ফের বিক্ষোভ
গাজা যুদ্ধ বন্ধ ও সেখানে বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে ফের বিক্ষোভ হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এদিন সন্ধ্যায় নির্ধারিত একটি নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকের আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন, ইসরায়েলি পতাকা নাড়াতে থাকেন এবং বন্দি নাগরিকদের ছবি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের একটি অংশ তেলআবিবে মার্কিন দূতাবাসের একটি শাখা অফিসের সামনে জড়ো হন। অন্যদিকে, দেশজুড়ে বিভিন্ন মন্ত্রীর বাসভবনের সামনেও প্রতিবাদ কর্মসূচি হয়।
এর আগে আগস্টের শুরুতে ইসরায়েলি সরকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে সেনা অভিযান চালানোর পরিকল্পনা অনুমোদন করে। এতে করে বন্দিদের জীবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ায় এবং দেশজুড়ে ফের বড় পরিসরের বিক্ষোভ শুরু হয়।
হাগিত চেন নামে একজন বলেছেন, ‘চুক্তির একটি প্রস্তাব টেবিলে রয়েছে। আমরা চাই আমাদের নেতারা আলোচনা টেবিলে বসুন এবং সমঝোতা না হওয়া পর্যন্ত সেখান থেকে উঠবেন না।’ হাগিত চেনের ছেলে ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হাতে অপহৃত হন। তার এই বক্তব্যটি বন্দিদের পরিবারের একটি ফোরামের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়।
নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে ঠিক কী আলোচনা হবে তা সরকারি ভাবে জানানো না হলেও, স্থানীয় গণমাধ্যমগুলোর ধারণা, বন্দিমুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাব্য নতুন চুক্তি নিয়েই আলোচনা হতে পারে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, গাজায় আটক সব বন্দিকে মুক্ত করার লক্ষ্যে দ্রুত আলোচনা শুরু করতে হবে। তবে এর পাশাপাশি তিনি গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা জোরদার করার কথাও বলেন।
কমেন্ট