জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন
চলতি সপ্তাহে শি-ট্রাম্প বৈঠকে সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি, দুই দেশেরই সম্মতি
চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার আলোচিত এ বৈঠকের আগে সম্ভাব্য বাণিজ্য চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। যেটিতে দুই দেশই সম্মতি দিয়েছে।
বৈঠকে এই কাঠামোর ওপর আলোচনা করবেন দুই দেশের নেতারা। মার্কিন গণমাধ্যম সিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, এই কাঠামোর মধ্যে আছে টিকটক ও বিরল খানিজের বিষয়। আরও স্পষ্ট করে বললে, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম সংক্রান্ত চুক্তি চূড়ান্ত এবং বিরল খনিজ রপ্তানির ওপর চীনের নিয়ন্ত্রণ আরোপ স্থগিত করা।
স্থানীয় সময় গতকাল রোববার দেওয়া ওই সাক্ষাৎকারে স্কট বেসেন্ট আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন। তবে এটি কার্যকর হবে বলে মনে হয় না। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে চীন পুনরায় উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন আমদানি শুরু করতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই বাণিজ্যযুদ্ধের বিস্তার এড়াতে চেষ্টা করছে। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে পারেন দুই দেশের নেতারা।
গতকাল রোববার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় যান ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থার (আসিয়ান) সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনের সাইডলাইনে চীনের জ্যেষ্ঠ বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন অর্থমন্ত্রী। যা নিয়ে বেইজিং জানিয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। উভয় পক্ষের আলোচকরা নিজ নিজ উদ্বেগ কমানোর ব্যবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন।
কমেন্ট