আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর এক দিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন। প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ টেলিভিশনে বিবৃতিতে নিজেদের পরিচয় দিয়েছে ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’ হিসেবে। তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত থাকবে।
সেনা অভ্যুত্থানের ঘোষণার সঙ্গে সঙ্গে আকাশ, নৌ ও স্থল সীমান্ত বন্ধ করা হয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
গিনি বিসাউয়ে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। ভোটের পর উভয়ই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা দেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু তার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
ফরাসি গণমাধ্যম ফ্রান্স২৪-কে ফোনে এমবালো বলেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে’। তিনি জানান, এখন তিনি ‘সেনাবাহিনীর প্রধান দপ্তরে’ আছেন।
গতকাল প্রতিবেশী সেনেগাল থেকে আল-জাজিরার নিকোলাস হক জানান, প্রেসিডেন্ট এমবালোকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান বিরোধী দল পিএআইজিসির নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হক। তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, সামরিক বাহিনী ইন্টারনেট বন্ধের চেষ্টা করছে। দেশে কারফিউ চলছে।’
হক জানান, সেনাবাহিনীর যে কর্মকর্তা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই ডেনিস এন’কানহা প্রেসিডেন্ট গার্ডের প্রধান ছিলেন। যাঁর দায়িত্ব ছিল প্রেসিডেন্টকে রক্ষা করা, তিনিই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছেন।
গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন। এর এক দিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুই শীর্ষ প্রার্থীই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন।
কমেন্ট