ইউক্রেনে যুদ্ধ বন্ধের বল এখন সম্পূর্ণভাবে কিয়েভ ও তাদের ইউরোপীয় পৃষ্ঠপোষকদের কোর্টে: পুতিন

ইউক্রেনে যুদ্ধ বন্ধের বল এখন সম্পূর্ণভাবে কিয়েভ ও তাদের ইউরোপীয় পৃষ্ঠপোষকদের কোর্টে: পুতিন

ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘বল এখন সম্পূর্ণভাবে কিয়েভ ও তাদের ইউরোপীয় পৃষ্ঠপোষকদের কোর্টে।’ এ অবস্থায় তিনি মনে করেন, মস্কোর সাম্প্রতিক অগ্রগতি বিবেচনায় কিয়েভকে সমঝোতায় বসতে বাধ্য করা উচিত।

শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন। ইউরোপের নেতাদের সতর্ক করে পুতিন বলেন, ফ্রিজ বা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেন পুনর্গঠন ও প্রতিরক্ষা খাতে অর্থায়নের প্রস্তাব বাস্তবায়ন করা হলে ‘গুরুতর’ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার গভীর রাতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রুশ সম্পদ ব্যবহারের প্রস্তাব অনুমোদন পায়নি। বিকল্প হিসেবে ইউক্রেনকে যৌথ ঋণ সহায়তা হিসেবে ৯০ বিলিয়ন ইউরো (১০৫.৫ বিলিয়ন ডলার) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে পূর্ব ইউক্রেনের একাধিক শহর ও অঞ্চলের নাম উল্লেখ করে পুতিন বলেন, সেগুলোর দিকে রুশ সেনাবাহিনী এখন নজর রাখছে। চলতি বছর শেষ হওয়ার আগেই মস্কো আরো এলাকা দখলে নেবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপে সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়েছে। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি। ২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর থেকে যত সংখ্যক মানুষ নিহত হয়েছে তার জন্য নিজেকে দায়ী মনে করেন না। 

পুতিন নিজেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছিলেন। সে সময় কিয়েভের দিকে সেনা ও ট্যাংক পাঠানো হয়। এর লক্ষ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানো।

যুদ্ধ বন্ধে সমঝোতার আলোচনা দীর্ঘায়িত করা বা বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগও অস্বীকার করেছেন পুতিন। তাঁর দাবি, মস্কো কিছু সমঝোতায় রাজি হয়েছিল। তবে তা কোনগুলো সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেননি রাশিয়ায় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা এই নেতা।

গোপনে ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পরবর্তী

গোপনে ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

কমেন্ট