সরকার নির্ধারিত ভাড়ার ১ পয়সা বেশি আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী
ইরানের বাণিজ্য অংশীদারদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এটি চূড়ান্ত ও অপরিবর্তনীয়।
চীন, ব্রাজিল, তুরস্ক ও রাশিয়া ইরানের উল্লেখযোগ্য বাণিজ্য অংশীদার। ট্রাম্পের এই ঘোষণা সব বাণিজ্যিক অংশীদারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি কেবল কিছু দেশের ক্ষেত্রে- সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এর আগে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার তিনি শুল্ক আরোপের কথা বললেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে বিমান হামলার মতো বিষয়ও আছে। তবে তাঁর প্রথম পছন্দ কূটনৈতিক সমাধান।
ইরানে বিক্ষোভ আরও বিস্তৃত হয়েছে। বিক্ষোভকারীরা প্রায় পাঁচ দশক আগে প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্রের শাসকের পতন দাবি করছেন। নিরাপত্তা বাহিনীর সহিংস দমনপীড়নে বিক্ষোভ প্রাণঘাতী রূপ নিয়েছে। নরওয়েভিত্তিক বেসরকারি সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ জন নিহত হয়েছেন।
কমেন্ট