প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
মার্কিন অবরোধ ফাঁকি দিয়ে ১৯ লাখ ব্যারেল তেল পাঠাল ইরান
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হযেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন ‘হিউজ’ নামের বিশাল জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
সংস্থাটি আরো জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় ‘হিউজ’ ইরানের জলসীমায় ছিল। এর আগে গত ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে সেটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ রাখা হয়েছিল।
ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙেছে। তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অবরোধ কার্যকরভাবে কাজ করছে।
ইরানের বন্দরসমূহ অবরোধের কারণে দেশটি তেল রপ্তানি করতে পারছে না এবং মজুদ রাখার জায়গা শেষ হয়ে গেলে তারা তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। এর ফলে ইরানের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
কমেন্ট