দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের একটি এলাকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের একটি এলাকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি এলাকায় গণগুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।


 
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলা চালানো হয়। হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। এরপর তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।


হামলার পর সন্দেহভাজনরা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ আরো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসাসেবাও পাঠানো হয়।

বিশ্বে হত্যাকাণ্ডের উচ্চহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।


দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বিশেষ করে বস্তি এলাকাগুলোতে গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে। যা অনেক ক্ষেত্রে, গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিরোধের কারণে ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন পুরুষ মারা যান।


এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য এখনো অজানা এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে গণগুলিবর্ষণে ৯ জন নিহত হয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পাশাপাশি অন্তত সমসংখ্যক অবৈধ অস্ত্রও থাকতে পারে বলে দক্ষিণ আফ্রিকার গানওনার্স অ্যাসোসিয়েশনের গিডিয়ন জউবার্টের বরাত দিয়ে পরিসংখ্যানে বলা হয়েছে।

 

দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে পরবর্তী

দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে

কমেন্ট