লেবানন সংঘাত একটি ‘ছোট যুদ্ধ’ : ট্রাম্প

লেবানন সংঘাত একটি ‘ছোট যুদ্ধ’ : ট্রাম্প

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার দুই নেতার এই বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শান্তিচুক্তির অগ্রগতি

ইরানের সঙ্গে ঘোষিত চুক্তিটি ‘সফল হওয়া উচিত’ বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, চুক্তির পরিকল্পিত দ্বিতীয় ধাপে পৌঁছানোর জন্য যে আলোচনা হবে, তা আসলে আরো ‘সহজ হবে’ বলে আশা করছেন।

একই সঙ্গে ট্রাম্প ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তিটিকে ‘ন্যায্য’ এবং ‘ভালো’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, এই সমঝোতা উভয় পক্ষের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

লেবাননে হামলার সমালোচনা

লেবাননের ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এতে অতিরিক্ত প্রাণহানি ঘটছে। তিনি বলেন, ‘কাউকে খুঁজছেন বলে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে, আর তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।



ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাত্র দুই ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলের হামলা তিনি পছন্দ করেননি এবং এ বিষয়ে তিনি ইসরায়েলকে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি তাদের জানিয়েছি। বিষয়টি আমার ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি।’

‘ছোট যুদ্ধ’

ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি টিকে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, টিকে থাকবে।’

লেবাননের সংঘাতকে ‘ছোট যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানই বড় বিষয়।


কিন্তু ওখানে (লেবাননে) একটি ছোট সমস্যা সব সময় মাথাচাড়া দিয়ে ওঠে, আর সেটি হলো হিজবুল্লাহ।’
সিরিয়াকে জড়ানোর পরামর্শ

এদিকে হিজবুল্লাহকে মোকাবেলার দায়িত্ব সিরিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি ইসরায়েলকে বলেছিলাম, হিজবুল্লাহকে সামলাতে সিরিয়াকে সুযোগ দিতে। সত্যি বলতে, আমার মনে হয় তারা এ কাজ আরো ভালোভাবে করতে পারবে।’

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যু বৈঠকের আলোচ্যসূচির অন্যতম প্রধান বিষয় ছিল। এর মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের সঙ্গে সদ্য হওয়া সমঝোতার পর তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিচ্ছেন এবং বিশেষ করে লেবাননে সংঘাত আরো বিস্তৃত হোক, তা চান না।

ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পরবর্তী

ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা

কমেন্ট