ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘শত শত কোটি ডলার’ মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, আংকারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো শত শত কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে।
প্রতিরক্ষা শিল্প ফোরামে বক্তব্য দিয়ে তিনি জানান, জোটের সামরিক সক্ষমতা বাড়াতে মিত্র দেশগুলো নতুন বড় প্রকল্প ঘোষণা করছে।
তার মতে, এসব বিনিয়োগ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করবে এবং লাখো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
ন্যাটো জানিয়েছে, তারা নর্থরপ গ্রুম্যান থেকে পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন দীর্ঘপাল্লার ড্রোন কিনবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ড্রোন প্রতিরোধ সক্ষমতা বাড়াতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৭ সালের শেষ নাগাদ ন্যাটো সদস্য দেশগুলোর জন্য বর্তমানে যত ড্রোন অপারেটর প্রশিক্ষণ দেওয়া হয়, তার পাঁচগুণ বেশি প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ড্রোন আধুনিক যুদ্ধের ধরন বদলে দিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। তাই জোটের প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এসব উদ্যোগ জরুরি।
জোটটি আরো জানিয়েছে, তাদের পুরোনো ই-৩ নজরদারি বিমানগুলো ধীরে ধীরে সুইডিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান সাব-এর তৈরি সর্বোচ্চ ১০টি গ্লোবালআই নজরদারি বিমান দিয়ে প্রতিস্থাপন করা হবে। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র ও কানাডাও অংশ নেবে।
এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এই কর্মসূচিকে সুইডেনের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছেন।
রুটে আরো বলেন, ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিষয়টি দীর্ঘদিন ধরে ট্রাম্পের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।
কমেন্ট